শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০১:৪২ অপরাহ্ন

এমএলএম ব্যবসার ফাঁদ: কোটি টাকা হাতিয়ে উধাও প্রতারক চক্র

নিজস্ব প্রতিবেদকঃ
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

বিদেশি প্রতিষ্ঠান WEWE Global-এর এজেন্ট ও সদস্য পরিচয়ে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকার ব্যবসায়ী, চাকরিজীবী, ব্যাংকার ও তরুণদের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ সংগ্রহ করে আত্মসাতের অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। অভিযোগকারীদের দাবি, মূলধনের কয়েকগুণ, এমনকি ১০ গুণ পর্যন্ত মুনাফা দেওয়ার প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময়ে তাদের কাছ থেকে টাকা নেওয়া হলেও পরবর্তীতে মুনাফা তো দূরের কথা, অনেকের মূলধনও ফেরত দেওয়া হয়নি।

অভিযোগে চট্টগ্রামের আবু হানিফ সোহেলসহ আরও কয়েকজনের নাম উঠে এসেছে। ভুক্তভোগীদের দাবি, নিজেদের WEWE Global-এর সদস্য, এজেন্ট কিংবা সংশ্লিষ্ট নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হিসেবে পরিচয় দিয়ে তারা বিভিন্ন ব্যক্তিকে বিনিয়োগে উৎসাহিত করতেন। প্রথম দিকে লাভ বা কমিশনের কথা বলে আস্থা তৈরি করার পর বড় অঙ্কের অর্থ বিনিয়োগে উৎসাহিত করা হতো বলে অভিযোগ রয়েছে।

অভিযোগকারীদের ভাষ্য অনুযায়ী, একপর্যায়ে বিনিয়োগের অর্থ ফেরত পাওয়ার বিষয়টি জটিল হয়ে পড়ে। অনেকেই যোগাযোগ করে টাকা ফেরত চাইলেও কাঙ্ক্ষিত সমাধান পাননি বলে দাবি করেছেন। কেউ কেউ তাদের মূলধন হারানোর অভিযোগও করেছেন।

অনুসন্ধানে সংশ্লিষ্টদের কার্যক্রমের সঙ্গে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকার নাম উঠে এসেছে। অভিযোগ রয়েছে, নগরীর আগ্রাবাদ, পাহাড়তলীর আবুল বিড়ি এলাকা এবং হালিশহরের এসি মসজিদ এলাকার আশপাশে এই নেটওয়ার্কের সঙ্গে সংশ্লিষ্ট একাধিক ব্যক্তির যোগাযোগ রয়েছে।

অভিযোগকারীদের আরও দাবি, চক্রটির কয়েকজন সদস্য এখনো নগরীর বিভিন্ন অভিজাত রেস্টুরেন্টে বসে সম্ভাব্য বিনিয়োগকারীদের সঙ্গে যোগাযোগ করছেন এবং নতুন করে অর্থ সংগ্রহের চেষ্টা করছেন। তবে এসব অভিযোগের সত্যতা যাচাইয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্ত প্রয়োজন।

WEWE Global-এর কার্যক্রম নিয়ে বিদেশি নিয়ন্ত্রক সংস্থার সতর্কতার তথ্যও পাওয়া যায়। নিউজিল্যান্ডের Financial Markets Authority (FMA) ২০২৩ সালের এক সতর্কবার্তায় WEWE Global-কে The Blockchain Era ও LYOPAY-এর সঙ্গে উল্লেখ করে প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম নিয়ে সতর্ক থাকতে বলেছিল। FMA জানায়, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো নিউজিল্যান্ডে খুচরা গ্রাহকদের জন্য আর্থিক সেবা দেওয়ার প্রয়োজনীয় নিবন্ধন বা নিয়ন্ত্রণের আওতায় ছিল না।

পরবর্তীতে WEWE Global-এর নিজস্ব ওয়েবসাইটে প্রতিষ্ঠানটির কার্যক্রম বন্ধ হওয়ার কথা উল্লেখ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, প্ল্যাটফর্ম ও সংশ্লিষ্ট সেবাগুলো আর সক্রিয় নয় এবং আগের ব্যালেন্স JourneyBridge প্ল্যাটফর্মের মাধ্যমে ব্যবস্থাপনার কথা জানানো হয়েছে।

অভিযোগের বিষয়ে আবু হানিফ সোহেলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগগুলো অস্বীকার করেন। এ সময় তিনি প্রতিবেদকের সঙ্গে উদ্ধত আচরণ করেন বলেও অভিযোগ রয়েছে। তবে তিনি অর্থ আত্মসাৎ বা প্রতারণার সঙ্গে জড়িত থাকার অভিযোগ স্বীকার করেননি।


এই ক্যাটাগরির আরো সংবাদ