খাগড়াছড়ি সরকারি কলেজের ব্যবস্থাপনা, ইতিহাস ও অর্থনীতি বিভাগে মাস্টার্স প্রথম পর্ব ও শেষ পর্ব চালুর অনুমতি পাওয়া গেছে। এতে দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হওয়ায় কলেজটির শিক্ষার্থীদের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে। একই সঙ্গে পার্বত্য জেলার শিক্ষার্থীদের নিজ এলাকায় থেকেই স্নাতকোত্তর পর্যায়ের পড়াশোনার সুযোগ আরও বিস্তৃত হলো।
রোববার (৪ অক্টোবর) এ অনুমোদনের খবর প্রকাশের পর কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়।
জানা গেছে, খাগড়াছড়ির সংসদ সদস্য এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আব্দুল ওয়াদুদ ভূঁইয়ার ঘোষণার মাত্র ১০ দিনের মধ্যে সংশ্লিষ্ট তিন বিভাগে মাস্টার্স চালুর অনুমোদন মিলেছে। দীর্ঘদিন ধরে খাগড়াছড়ি সরকারি কলেজের শিক্ষার্থীরা এসব বিভাগে স্নাতকোত্তর পর্যায়ে পড়াশোনার সুযোগ চালুর প্রত্যাশা করে আসছিলেন।
নতুন এ অনুমোদনের ফলে ব্যবস্থাপনা, ইতিহাস ও অর্থনীতি বিভাগের শিক্ষার্থীরা এখন নিজ কলেজেই মাস্টার্স পর্যায়ে পড়াশোনা করার সুযোগ পাবেন। এতে উচ্চশিক্ষার জন্য জেলার বাইরে যাওয়ার প্রয়োজন অনেকাংশে কমবে। পাশাপাশি শিক্ষার্থীদের সময়, যাতায়াত ও আবাসন ব্যয়ও সাশ্রয় হবে।
সংশ্লিষ্টরা বলছেন, খাগড়াছড়ি সরকারি কলেজে তিন বিভাগে মাস্টার্স চালুর অনুমোদন পার্বত্য অঞ্চলের উচ্চশিক্ষার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। বিশেষ করে স্থানীয় শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় আগ্রহ বাড়ানো এবং স্নাতক থেকে স্নাতকোত্তর পর্যায়ে শিক্ষার ধারাবাহিকতা বজায় রাখতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
কলেজের শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন ধরে মাস্টার্স চালুর দাবি থাকলেও তা বাস্তবায়ন হয়নি। এবার তিনটি বিভাগে মাস্টার্স চালুর অনুমতি পাওয়ায় তারা আনন্দিত। পর্যায়ক্রমে কলেজের অন্যান্য বিভাগেও মাস্টার্স চালুর উদ্যোগ নেওয়া হবে—এমন প্রত্যাশা তাদের।
শিক্ষার্থীদের প্রত্যাশা, তিন বিভাগে মাস্টার্স কার্যক্রম চালুর মধ্য দিয়ে খাগড়াছড়ি সরকারি কলেজে উচ্চশিক্ষার পরিধি আরও বাড়বে। একই সঙ্গে পার্বত্য জেলার শিক্ষার্থীদের জন্য স্থানীয় পর্যায়ে উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারিত হয়ে শিক্ষা ক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।