বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:২০ অপরাহ্ন

সাবেক এমপি সেলিম আলতাফ জর্জের বিরুদ্ধে দুদকের মামলা

ডেস্ক রিপোর্ট
রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

ঢাকা, ১৮ অক্টোবর, ২০২৬ (বাসস) : সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে কুষ্টিয়া-৪ আসনের সাবেক সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের কুষ্টিয়া সমন্বিত জেলা কার্যালয়ে আজ দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(২) ও ২৭(১) ধারায় মামলাটি দায়ের করা হয়।

মামলার এজাহার অনুযায়ী, সেলিম আলতাফ জর্জের বিরুদ্ধে ৬৪ লাখ ৪৮ হাজার ৪৭৮ টাকার সম্পদের তথ্য গোপন এবং ১ কোটি ১ লাখ ৬৪ হাজার তিন টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করে ভোগদখলে রাখার অভিযোগ আনা হয়েছে।

এজাহারে বলা হয়, সম্পদ বিবরণীতে সাবেক এই সংসদ সদস্য স্থাবর ও অস্থাবর মিলিয়ে মোট ১ কোটি ১৬ লাখ ৩৩ হাজার ৮০২ টাকার সম্পদের তথ্য দেন। তবে দুদকের যাচাইয়ে তার মোট সম্পদের পরিমাণ ১ কোটি ৮০ লাখ ৮২ হাজার ২৮০ টাকা পাওয়া যায়। এতে ৬৪ লাখ ৪৮ হাজার ৪৭৮ টাকার সম্পদের তথ্য গোপন করা হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়।

এজাহারের তথ্য অনুযায়ী, ২০১৮-১৯ থেকে ২০২৩-২৪ করবর্ষ পর্যন্ত সময়ে তার গ্রহণযোগ্য মোট আয় ১ কোটি ৩৬ লাখ ৪৫ হাজার ৬৪১ টাকা। এ সময়ে পারিবারিক খরচ, কর পরিশোধ ও অন্যান্য খাতে তার মোট ব্যয় ছিল ৫৭ লাখ ২৭ হাজার ৩৬৪ টাকা।

দুদক জানায়, ব্যয়সহ তার মোট অর্জিত সম্পদের পরিমাণ দাঁড়ায় ২ কোটি ৩৮ লাখ ৯ হাজার ৬৪৪ টাকা। এর বিপরীতে গ্রহণযোগ্য আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদের পরিমাণ ১ কোটি ১ লাখ ৬৪ হাজার তিন টাকা।

এজাহারে আরো বলা হয়, অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের পর ২০২৫ সালের ৯ নভেম্বর সেলিম আলতাফ জর্জ তার সম্পদ ও দায়-দেনার বিবরণী দাখিল করেন। পরে ওই বিবরণী যাচাই করে দুদক তার বিরুদ্ধে মামলা দায়েরের সুপারিশ করে। কমিশনের প্রধান কার্যালয় গত ৮ অক্টোবর মামলার অনুমোদন দেয়।


এই ক্যাটাগরির আরো সংবাদ