বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:২০ অপরাহ্ন

হালিশহরে সড়কে দোকান বসিয়ে প্রতিবন্ধকতা, গ্রেপ্তার ১০

নিজস্ব প্রতিবেদক
রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬

 

নগরীর হালিশহর এলাকায় সড়কের ওপর দোকান বসিয়ে যানবাহন ও সাধারণ মানুষের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগে ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৪ অক্টোবর) বিকেল ৫টার দিকে হালিশহর থানাধীন আড়ংয়ের সামনে এবং নয়াবাজার মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

হালিশহর থানা পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, সড়কের ওপর দোকান বসিয়ে যানবাহন ও জনসাধারণের স্বাভাবিক চলাচলে বাধা সৃষ্টির অভিযোগে তাদের বিরুদ্ধে এ অভিযান পরিচালনা করা হয়। হালিশহর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জয়নাল আবেদীন মন্ডলের নেতৃত্বে অভিযানে অংশ নেন উপপরিদর্শক (এসআই) মুহাম্মদ মোশাররফ হোসাইন, এসআই নাদিমুল হক নোমানসহ পুলিশের একটি দল। অভিযানের সময় ঘটনাস্থল থেকে ১০ জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. মাঈনুদ্দিন (৪০), মো. শহিদুল ইসলাম (৩৫), মনির হোসেন (৪২), মো. হাসিব (২০), রিদোয়ান (৩০), মো. কামাল (৩২), মো. তোবারক হোসেন (৪২), মো. রবিউল হোসেন আপন (২৫), মো. ইব্রাহিম (২৫) ও মো. জিসান (২০)।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে কয়েকজনের স্থায়ী বাড়ি কুমিল্লা, বাগেরহাট, ভোলা ও কক্সবাজার জেলায়। অন্যদের বাড়ি চট্টগ্রামের বিভিন্ন এলাকায়। তারা বর্তমানে নগরীর হালিশহর, বন্দর, ডবলমুরিং ও পাহাড়তলীসহ বিভিন্ন এলাকায় বসবাস করছিলেন। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

হালিশহর থানার পক্ষ থেকে জানানো হয় রাস্তা ব্লক করে কিংবা পথচারীদের চলাচলে বিঘ্ন ঘটায় এমন কার্যক্রমের সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে এই অভিযান চলমান রয়েছে


এই ক্যাটাগরির আরো সংবাদ