বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন

আজ শুভ প্রবারণা পূর্ণিমা

ডেস্ক রিপোর্ট
রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬

বৌদ্ধ ধর্মাবলম্বীদের পবিত্র উৎসব প্রবারণা পূর্ণিমা আজ। চট্টগ্রাম মহানগরসহ জেলার প্রতিটি বৌদ্ধ মন্দিরে পুন্যার্থীরা ফুল, প্রদীপ প্রজ্জ্বলন আর পূজার নৈবেদ্য হাতে ভগবান বুদ্ধের শরণাপন্ন হচ্ছেন। সন্ধ্যায় শুরু হবে পূর্ণিমার অন্যতম আকর্ষণ ফানুস ওড়ানো উৎসব। ভক্তরা সেরে নিচ্ছেন শেষ মুহুর্তের প্রস্তুতি।

রবিবার (২৫ অক্টোবর) শুভ প্রবারণা পূর্ণিমা উপলক্ষে চট্টগ্রাম নগরের নন্দনকানন বৌদ্ধবিহারসহ বিভিন্ন বিহারে এ উৎসবের আয়োজন করা হয়েছে। বৌদ্ধমন্দির ও বিহারগুলো পুণ্যার্থীদের আগমনে উৎসব মুখর হয়ে ওঠেছে।

এক ভক্ত দেবাশীষ বড়ুয়া বলেন, ছোটবেলা থেকেই প্রবারণা পূর্ণিমার ফানুস ওড়ানো দেখে আসছেন। পুরো একটি বছর তাঁরা এই বিশেষ দিনের জন্য অপেক্ষা করেন। সন্ধ্যায় একসাথে অনেক ফানুস আকাশে উড়তে দেখার অনুভূতি অন্য রকম। এটি তাঁদের ঐতিহ্য ও সংস্কৃতির অংশ।

নন্দনকানন বৌদ্ধবিহারে গিয়ে দেখা গেছে, হাজারো পুন্যার্থী ভগবান বুদ্ধের আশীর্বাদ আর পুণ্য লাভের আশায় ভক্তি সহকারে প্রার্থনায় অংশ নিয়েছেন। মনস্কামনা লাভের আশায় প্রত্যেকে নানা রকমের ফলাহার,নৈবেদ্য, মিষ্টান্ন পূজায় নিবেদন করেছেন। ভিক্ষু শ্রমণরা পরম ভক্তি সহকারে মন্ত্র উচ্চারণে পবিত্র করে তুলছেন চারিপাশ।

প্রবারণা পূর্ণিমার ফানুস ওড়ানো উপলক্ষে চলছে ব্যাপক প্রস্তুতি। ভক্ত পুণ্যার্থীরা ফানুস তৈরিতে ব্যস্ত সময় কাটাচ্ছেন। প্রচলিত ফানুসের পাশাপাশি হাতি, ময়ূর, মাছ, বালিশ ও মটকার আদলে তৈরি করা হয়েছে নানা আকৃতির ফানুস। এগুলোতে ফুটিয়ে তোলা হয়েছে বুদ্ধের অহিংসার বাণী, ছবি ও মানবকল্যাণের বার্তা।

এদিকে, উৎসব ঘিরে আইনশৃঙ্খলা বাহিনার পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। নগরীর চেরাগী পাহাড় ও মোমিন রোড এলাকায় দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

এ ব্যাপারে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহেদুল কবির বলেন, প্রবারণা পূর্ণিমার ফানুস উৎসবে বিপুলসংখ্যক মানুষের সমাগম হয়। এ কারণে নিরাপত্তা ও নজরদারিতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। সাদাপোশাকের পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সতর্ক রয়েছে


এই ক্যাটাগরির আরো সংবাদ