শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন

ফ্রিজে বাসি খাবার-তেলাপোকা, চট্টগ্রামে ৬ প্রতিষ্ঠানে জরিমানা

ডেস্ক রিপোর্ট
বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

চট্টগ্রামের স্টেশন রোডের ফলমন্ডি এলাকায় খাবারের হোটেলে অভিযান চালিয়ে ফ্রিজে সংরক্ষিত বাসি খাবার ও খাবারের আশপাশে তেলাপোকার বিচরণ পেয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসব অনিয়মের দায়ে তিনটি হোটেলকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সমন্বয়ে গঠিত দল এ অভিযান পরিচালনা করে।

অভিযানে ফলমন্ডির তৃতীয় তলায় অবস্থিত বিভিন্ন খাবারের হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও পরিবেশন, রান্না করা বাসি খাবার পুনরায় বিক্রির উদ্দেশ্যে অপরিচ্ছন্ন ফ্রিজে সংরক্ষণ এবং খাবারের আশপাশে তেলাপোকার বিচরণ দেখতে পান কর্মকর্তারা।

এসব অপরাধে নাসির উদ্দিন হোটেলকে ২৫ হাজার টাকা, আল বোরাক টি স্টল অ্যান্ড ঝাল বিতানকে ২০ হাজার টাকা এবং জিলানী ভাতঘরকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এদিকে, কর্ণফুলী এলাকায় পৃথক অভিযানে মেয়াদোত্তীর্ণ ও বিক্রির অননুমোদিত ওষুধ রাখার দায়ে মুনিরিয়া ফার্মেসি ও চট্টগ্রাম কমিউনিটি ফার্মেসিকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। এ ছাড়া মূল্যতালিকা প্রদর্শন না করায় নমেয়া স্টোরকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ বলেন, খাবারের হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি ও পরিবেশন, বাসি খাবার সংরক্ষণ এবং ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন ওষুধ বিক্রির মতো অপরাধের প্রমাণ পাওয়া যায়। এসব অপরাধে প্রতিষ্ঠানগুলোর মালিককে আর্থিক জরিমানা করা হয়। ভোক্তাদের নিরাপদ খাদ্য ও ওষুধপ্রাপ্তি নিশ্চিত করতে নিয়মিত বাজার তদারকি অব্যাহত থাকবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ