চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ’কে (সিডিএ) ‘অ্যাপেক্স অথরিটি’ (শীর্ষ কর্তৃপক্ষ) বা মূল সংস্থা হিসেবে আখ্যায়িত করা হয়েছে মহানগরের দীর্ঘমেয়াদি উন্নয়ন ও পরিকল্পিত নগরায়ণের লক্ষ্যে প্রণীত খসড়া মহাপরিকল্পনা বা মাস্টারপ্ল্যানে। বিপরীতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে (চসিক) ‘সহযোগী সংস্থা’ হিসেবে দেখানো হয়েছে ২৫ বছর মেয়াদী (২০২৫–২০৫০) এ মহাপরিকল্পনায়। যা স্থানীয় সরকার আইন (সিটি কর্পোরেশন) ২০০৯–এর সাথে সাংঘর্ষিক। এমনকি খসড়া মাস্টারপ্ল্যানে চসিকের আইনগত ক্ষমতা, প্রাতিষ্ঠানিক স্বায়ত্তশাসন, সাধারণ পরিষদের সিদ্ধান্ত গ্রহণের ভূমিকা এবং সমন্বিত নগর সরকার প্রতিষ্ঠার বিষয়টি যথাযথভাবে প্রতিফলিত হয়নি। এতে দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনা ও স্থানীয় সরকারের আইনগত দায়িত্বের মধ্যে সমন্বয়হীনতার আশঙ্কা তৈরি হয়েছে। সিডিএ প্রণীত খসড়া মাস্টারপ্ল্যানের উপর চসিকের গঠিত চার সদস্যের কারিগরি কমিটির পর্যালোচনা প্রতিবেদেন বিষয়টি উঠে আসে। প্রতিবেদনে ট্রাফিক ও ট্রান্সপোর্ট, জলাবদ্ধতা, পরিবেশ, স্ট্রাকচার প্ল্যান ও আনোয়ারা প্ল্যান–এই পাঁচ খাতের সুনির্দিষ্ট ১৫টি বিষয়ে আইনি অসঙ্গতি তুলে ধরে। পাশাপাশি অসঙ্গতি দূরীকরণে সুপারিশও করেছে কমিটি।
জানা গেছে, গত সপ্তাহে ১৩ পৃষ্ঠার পর্যালোচনা প্রতিবেদনটি সিডিএ, স্থানীয় সরকার বিভাগ এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে পাঠিয়েছে চসিক। এতে স্থানীয় সরকার আইনের সাথে সামঞ্জস্য রেখে খসড়া মাস্টারপ্ল্যানে প্রয়োজনীয় সংশোধনের জোর দাবি জানানো হয়।
কারিগরি কমিটির সদস্যরা হচ্ছেন– চসিকের প্রধান প্রকৌশলী মো. আনিসুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবু সাদাত মে. আবু তৈয়্যব, নির্বাহী প্রকৌশলী মাহমুদ শাফকাত আমিন ও আসীর হামিম।
এ বিষয়ে চসিকের সচিব মো. আশরাফুল আমিন আজাদীকে বলেন, সিডিএর প্রস্তাবিত খসড়া মাস্টারপ্ল্যানটি চট্টগ্রাম সিটি কর্পোরেশন কর্তৃক কারিগরি কমিটির মাধ্যমে পর্যালোচনা করা হয়। কারিগরি কমিটির পর্যালোচনা প্রতিবেদনে খসড়া মাস্টারপ্ল্যানের বেশ কিছু ধারা স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন, ২০০৯ এর সাথে সাংঘর্ষিক হিসেবে উল্লেখ করা হয়েছে। কারিগরি কমিটির পর্যালোচনা প্রতিবেদনে প্রদত্ত সুপারিশ অনুযায়ী খসড়া মাস্টারপ্ল্যানে প্রয়োজনীয় সংশোধনের ব্যবস্থা গ্রহণ করার জন্য প্রতিবেদনটি নির্দেশক্রমে এতদসঙ্গে প্রেরণ করা হলো।
নগর সরকার ও আইনি সংঘর্ষ : প্রতিবেদনে বলা হয়, একটি আধুনিক, টেকসই ও জনবান্ধব নগর গড়ে তোলার জন্য কেবল ভৌত অবকাঠামোগত পরিকল্পনা যথেষ্ট নয়; বরং একটি কার্যকর, সমন্বিত ও জবাবদিহিমূলক ‘নগর সরকার’ (সিটি গর্ভমেন্ট) ব্যবস্থা প্রতিষ্ঠা করা গুরুত্বপূর্ণ। যা প্রস্তাবিত মহাপরিকল্পনায় প্রতিফলিত হয়নি।
এছাড়া খসড়া মাস্টারপ্ল্যানের চ্যাপ্টার–৬ সহ বেশ কিছু ধারা সিটি কর্পোরেশন আইনের সাথে সরাসরি সাংঘর্ষিক। এ অবস্থায় চসিককে ‘অ্যাপেঙ বডি’ ধরে খসড়াটি সংশোধনের সুপারিশ করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন, ২০০৯ অনুযায়ী সিটি কর্পোরেশন একটি আইনগতভাবে প্রতিষ্ঠিত স্বায়ত্তশাসিত স্থানীয় সরকার প্রতিষ্ঠান। নগরবাসীর নাগরিক সেবা নিশ্চিতকরণ, অবকাঠামোগত উন্নয়ন, জনস্বাস্থ্য, পরিবেশ সংরক্ষণ এবং পরিকল্পিত নগরায়ণের ক্ষেত্রে চসিকের সুনির্দিষ্ট আইনি ক্ষমতা ও দায়িত্ব রয়েছে। একই আইন অনুযায়ী কর্পোরেশন নিজেই নগরের জন্য মহাপরিকল্পনা প্রণয়ন করতে পারে। অথচ সিডিএ প্রস্তাবিত মাস্টারপ্ল্যানের ‘স্ট্রাকচার প্ল্যান’ অংশে মহানগর পরিকল্পনা, জোনিং ও উন্নয়ন নিয়ন্ত্রণে সিডিএকে ‘অ্যাপেঙ অথরিটি’ ঘোষণা করা হয়েছে। চসিকের ভূমিকা কেবল ‘আরবান সার্ভিস ডেলিভারি’ বা সাধারণ নাগরিক সেবা প্রদানের মধ্যে সীমাবদ্ধ রাখা হয়েছে।
এ অবস্থায় চসিকের কারিগরি কমিটি মনে করে-‘নগর সরকার’ ধারণার সুস্পষ্ট অন্তর্ভুক্তি, সিটি কর্পোরেশনের আইনগত ক্ষমতা ও প্রাতিষ্ঠানিক মর্যাদার যথাযথ প্রতিফলন এবং নগরের বিভিন্ন সেবাদানকারী সংস্থার কার্যক্রম সমন্বয়ের জন্য কার্যকর প্রাতিষ্ঠানিক কাঠামো নির্ধারণ করা প্রয়োজন। এর মাধ্যমে চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে কেন্দ্র করে একটি সমন্বিত, জবাবদিহিমূলক ও জনমুখী নগর ব্যবস্থাপনা প্রতিষ্ঠার পথ সুগম হবে। এছাড়া ভবন নির্মাণের অনুমোদন প্রক্রিয়ায় সড়ক, ড্রেনেজ, বর্জ্য ব্যবস্থাপনা ও পার্কিংয়ের সামঞ্জস্য নিশ্চিত করতে চসিকের ছাড়পত্র বাধ্যতামূলক করার দাবি জানানো হয়েছে।
জলাবদ্ধতা নিরসন ও খাল–ড্রেনেজ ব্যবস্থাপনা :
মাস্টারপ্লানের ‘স্টর্মওয়াটার ও ফ্লাড কন্ট্রোল’ পর্যালোচনা করে কারিগরি কমিটি জানিয়েছে, আইন অনুযায়ী নগরের ড্রেনেজ ব্যবস্থার নিয়ন্ত্রণ ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব চসিকের। এরপরও খসড়ায় ড্রেনেজ প্রকল্প প্রণয়ন ও রক্ষণাবেক্ষণে চসিককে মুখ্য বাস্তবায়নকারী প্রতিষ্ঠান হিসেবে বিবেচনা করা হয়নি। এ অবস্থায় চসিক মাস্টারপ্ল্যানে ড্রেনেজ–সংক্রান্ত সব প্রকল্পের পরিকল্পনা, নকশা, বাস্তবায়ন ও রক্ষণাবেক্ষণে চসিককে মুখ্য বাস্তবায়নকারী প্রতিষ্ঠান হিসেবে অন্তর্ভুক্ত করাসহ ৬টি সুপারিশ করে।
তাছাড়া স্থানীয় সরকার বিভাগের ২০২৬ সালের ৩০ এপ্রিলের অফিস আদেশ অনুযায়ী জলাবদ্ধতা নিরসন কার্যক্রমের সমন্বয়কারী হলেন সিটি মেয়র। তাই মাস্টারপ্ল্যানে প্রস্তাবিত ‘ইউনিফায়েড স্টর্মওয়াটার ম্যানেজমেন্ট অথরিটি’ মেয়রের সমন্বয়ে এবং নির্বাচিত জনপ্রতিনিধিদের সম্পৃক্ত রেখে গঠন করতে হবে।
পাশাপাশি সিডিএর চলমান জলাবদ্ধতা নিরসন মেগা প্রকল্প শেষ হওয়ার পর তা চসিকের কাছে হস্তান্তরের ক্ষেত্রে সুনির্দিষ্ট রূপরেখা ও রক্ষণাবেক্ষণের জন্য আলাদা তহবিল গঠনের দাবি করা হয়। এছাড়া খসড়া মাস্টারপ্ল্যানে রেগুলেটরযুক্ত খাল ৫ বছরে একবার পরিষ্কারের প্রস্তাব দেওয়া হয়েছে, যা চট্টগ্রামের বাস্তবতায় সম্পূর্ণ অকার্যকর মনে করে কারিগরি কমিটি। প্রতি বছর বর্ষার আগে সব খাল পরিষ্কারের সুপারিশ করেছে কমিটি। পাশাপাশি প্রকল্প সমন্বয়ে একটি যৌথ কমিটি ও জলাবদ্ধতা পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য মনিটরিং সেল গঠনের সুপারিশ করা হয়।
সড়ক উন্নয়ন :
প্রস্তাবিত মাস্টারপ্ল্যানে অধিকাংশ সড়ক সমপ্রসারণ ও সংস্কার প্রকল্প সিডিএ বাস্তবায়ন করবে বলে উল্লেখ করা হয়। অথচ ট্রাফিক ও ট্রান্সপোর্ট মাস্টারপ্ল্যান মোতাবেক মাস্টারপ্ল্যানের ১৬০ নম্বর পৃষ্ঠায় এবং সিটি কর্পোরেশন আইনের ৪১ ধারার ১৮ উপধারা অনুযায়ী সড়ক উন্নয়য়ন, প্রশস্তকরণ, রক্ষণাবেক্ষণ ও সংস্কারের মূল দায়িত্ব চসিকের। এছাড়া খসড়ায় প্রস্তাবিত ৬৭টি নতুন সড়ক নির্মাণ ও সমপ্রসারণ প্রকল্পের একটিতেও চসিককে বাস্তবায়নকারী সংস্থা হিসেবে রাখা হয়নি। বিষয়টিকে কারিগরি কমিটি আইনি ও প্রশাসনিক উভয় দিক থেকেই অসঙ্গত বলে অভিহিত করেছে।
এ অবস্থায় ট্রাফিক ও ট্রান্সপোর্ট মাস্টারপ্ল্যানের অসঙ্গতি দূর করতে ‘ইনভেস্টমেন্ট প্ল্যান’ সংশোধন করে সিটি কর্পোরেশনের আওতাভুক্ত সড়ক প্রকল্পে চসিককে প্রধান বাস্তবায়নকারী সংস্থা করা, যেসব প্রকল্পে চউকের কারিগরি বা আর্থিক সক্ষমতা প্রয়োজন সেখানে মেয়র বা তার প্রতিনিধির নেতৃত্বে যৌথ বাস্তবায়ন কমিটি গঠন করা এবং নির্মাণ শেষে রক্ষণাবেক্ষণের দায়িত্ব চসিকের হাতে যাবে বিধায় নকশা অনুমোদন থেকে হস্তান্তর পর্যন্ত প্রতিটি ধাপে চসিকের অংশগ্রহণ বাধ্যতামূলক করার সুপারিশ করা হয়।
এদিকে মাস্টারপ্ল্যানে সিটির সীমানার বাইরে আনোয়ারা, পটিয়া, কর্ণফুলী, বোয়ালখালী, সীতাকুণ্ড ও রাউজান এবং হাটহাজারীতে বাস টার্মিনাল স্থাপনের দায়িত্ব চসিককে দেওয়া হয়েছে। অথচ প্রচলিত আইনে শহরের সীমানার বাইরে চসিকের উন্নয়ন কাজ করার কোনো এখতিয়ার নেই। এই অসঙ্গতি দূর করতে আইনি প্রক্রিয়ায় টার্মিনাল এলাকাগুলো চসিকের সীমানায় অন্তর্ভুক্ত করার সুপারিশ করা হয়েছে।
ট্রাফিক ট্রাফিক সিগন্যাল ও কন্ট্রোল :
প্রতিবেদনে বলা হয়, মাস্টারপ্ল্যানে ট্রাফিক সিগন্যাল ও কন্ট্রোল সেন্টার স্থাপনে চসিক, ট্রাফিক পরিচালনায় সিএমপি এবং সিগন্যাল ইন্টিগ্রেশনে বিআরটিএ’র নাম থাকায় মালিকানা ও বিদ্যুৎ বিল পরিশোধের মতো বিষয়ে অস্পষ্টতা তৈরি হয়েছে। এক্ষেত্রে সুনির্দিষ্টভাবে একটি নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের ওপর ন্যস্ত করার সুপারিশ করা হয়।
প্রতিবেদনে বলা হয়, ভবনের পার্কিং সিডিএর নিয়ন্ত্রণে, কিন্তু রাস্তার পার্কিং চট্টগ্রাম সিটি কর্পোরেশন নিয়ন্ত্রণ করে। এ বিষয়ে মাস্টারপ্ল্যানে সুনির্দিষ্ট নীতিমালা ও সীমারেখা প্রয়োজন। পাশাপাশি প্রাথমিক সড়কে রিকশা ও ই–রিকশা নিষিদ্ধ করার আগে চসিকের রাজস্ব ক্ষতি নিরূপণ, চালকদের পুনর্বাসন এবং ‘ব্যাটারিচালিত রিকশা (ই–রিকশা) চলাচল বিধিমালা, ২০২৬’ অনুসরণের সুপারিশ করা হয়েছে।
মাস্টারপ্ল্যানে প্রস্তাবিত মনোরেল প্রসঙ্গে কারিগরি কমিটি জানায়, ২০২৫ সালের ১ জুন ওরাসকম–আরব কন্ট্রাক্টরসের সাথে হওয়া সমঝোতা স্মারকটি ২০২৬ সালের ২৪ জুন বাতিল করা হয়েছে, তাই বিষয়টি খসড়া থেকে বাদ দিয়ে ডিটিসিএ–র মেট্রোরেল ফিজিবিলিটি স্টাডির ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়া উচিত। বর্জ্য ব্যবস্থাপনা ও ল্যান্ডফিল সংক্রান্ত :
মাস্টারপ্ল্যানে চসিকের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ (ওয়েস্ট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট) পুনর্গঠন, জনবল নিয়োগ ও অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণের নির্দেশনা দেওয়া হয়েছে। কারিগরি কমিটি জানায়, এটি কর্পোরেশনের একটি বিশেষায়িত বিভাগ এবং এর নীতিমালা প্রণয়নের এখতিয়ার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের, এখানে অন্য কোনো সংস্থার হস্তক্ষেপ বা সমান্তরাল কাঠামো গ্রহণযোগ্য নয়। মাস্টারপ্ল্যানে এ বিষয়ে কেবল সাধারণ নির্দেশনা থাকবে এবং বাস্তবায়ন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নীতিমালা ও চসিকের নিজস্ব সিদ্ধান্ত অনুযায়ী হবে।
এছাড়া মাস্টারপ্ল্যানে বন্যাপ্রবণ এলাকায় ল্যান্ডফিল নিষিদ্ধ করা হয়। অথচ প্রস্তাবিত হালিশহর, কাট্টলী ও মোহরার ল্যান্ডফিল সাইটগুলো সমুদ্রপৃষ্ঠ থেকে নিচু, ফলে জোয়ার, জলাবদ্ধতা ও বন্যার ঝুঁকিতে থাকায় প্রস্তাবনাটি এই নীতির সঙ্গে সাংঘর্ষিক।
সমন্বয় কমিটি ও মাঠ সংকট :
মাস্টারপ্ল্যানে চসিক এলাকাকে ভেঙে হাটহাজারীর সাথে জোন–৩ এবং সীতাকুণ্ডের সাথে জোন–৪ অন্তর্ভুক্ত করে প্রতিটি জোনে রক্ষণাবেক্ষণ ও দখল উচ্ছেদ শাখা খোলার প্রস্তাব করা হয়। যা সিটি এলাকায় চসিকের রক্ষণাবেক্ষণ, দখল উচ্ছেদ কাজের সাথে সরাসরি ওভারল্যাপ করে। ভবিষ্যৎ এ সিটি কর্পোরেশনের শহর সমপ্রসারণে ও জোনাল অফিসসমূহের কাজের সাথে সাংঘর্ষিক অবস্থার সৃষ্টি হবে এবং ভবিষ্যৎ নগর সমপ্রসারণে প্রশাসনিক সংঘাত তৈরি করবে। তাই সিটি এলাকার জন্য চসিকের বিদ্যমান ওয়ার্ড ও জোনাল কাঠামো অক্ষণ্ন রেখে সমান্তরাল শাখাগুলো বাতিল করার সুপারিশ করা হহয়।
খেলার মাঠ :
খেলার মাঠ ও উন্মুক্ত স্থানের ক্ষেত্রে খসড়া মাস্টারপ্ল্যানে জনসংখ্যা অনুপাতে ৩ হাজার ২৭০ একরের পরিবর্তে মাত্র ১ হাজার ৭৩০ একর জায়গা রাখা হয়েছে। কারিগরি কমিটি মনে করে, খেলার মাঠ ও উন্মুক্ত স্থান বিষয়ে লক্ষ্য ও দায়িত্ব বণ্টনে কয়েকটি অসঙ্গতি রয়েছে, যা সংশোধন করা প্রজেন।
সমন্বয় কমিটির কাঠামো :
মাস্টারপ্ল্যানে স্ট্রাকচার প্ল্যানের প্রস্তাবিত সিটি ডেভেলপমেন্ট কো–অর্ডিনেশন কমিটিতে মেয়রকে সভাপতি করা হলেও সিডিএ চেয়ারম্যানকে সদস্য সচিব ও ‘ফোকাল পয়েন্ট’ রাখা হয়েছে। পাশাপাশি কমিটি মাস্টারপ্ল্যান–বিরোধী কোনো সুপারিশ করতে পারবে না বলে শর্ত জুড়ে দেওয়া হয়েছে। চসিকের কারিগরি কমিটি একে কর্পোরেশনের সাধারণ সভার সর্বোচ্চ নীতিনির্ধারণী ক্ষমতা খর্ব করার শামিল মনে করেছে। এক্ষেত্রে পাঁচটি সুপারিশ করে কমিটি। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে– মেয়র কমিটির সভাপতি হিসেবে প্রকৃত নেতৃত্ব দেবেন এবং কমিটির সিদ্ধান্ত ও কার্যক্রম নিয়মিত সাধারণ সভায় উপস্থাপন করা হবে। ‘মাস্টারপ্ল্যান–বিরোধী সুপারিশ করা যাবে না’ শর্ত বাতিল করে আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার জন্য মাস্টারপ্ল্যানে ‘স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন, ২০০৯ ও অন্যান্য প্রচলিত আইনের অধীনে’ এই কথাগুলো অন্তর্ভুক্ত করা হবে, যাতে আইন সর্বদা প্রাধান্য পায়। এছাড়া সমন্বয় কমিটির ভূমিকা কেবল পরামর্শমূলক ও সমন্বয়ধর্মী রাখা হবে, কমিটির কোনো সুপারিশ বা পর্যালোচনা কর্পোরেশনের সাধারণ সভার সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাকে বাধা দেবে না বা বাতিল করবে না। চসিকের নিজস্ব প্রকল্প, বাজেট ও নীতিগত বিষয় সাধারণ সভা ও সংশ্লিষ্ট স্থায়ী কমিটির অনুমোদনের এখতিয়ারেই থাকবে, কমিটির বাধ্যতামূলক পর্যালোচনা এসব ক্ষেত্রে প্রযোজ্য হবে না।