রবিবার, ৩১ মে ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন

ঋণ জালিয়াতি, অর্থপাচার ও একাধিক মামলার আলোচনায় এনএসএন গ্রুপের এমডি

আয়াজ সানি (চট্টগ্রাম প্রতিনিধি)
শনিবার, ৩০ মে, ২০২৬

দেশের ব্যাংকিং খাত থেকে ঋণ জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগে আলোচিত কিছু ব্যবসায়িক গোষ্ঠীর সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগ রয়েছে এনএসএন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. নাসির উদ্দিনের বিরুদ্ধে। বিভিন্ন ব্যাংকের দায়ের করা মামলা, আর্থিক অনিয়মের অভিযোগ এবং সাম্প্রতিক রাজনৈতিক সহিংসতাসংক্রান্ত একাধিক মামলায় তার নাম উঠে এসেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

তথ্য অনুযায়ী, চট্টগ্রামের একটি ব্যাংকের খাতুনগঞ্জ শাখা ২০১৪ সালে তার বিরুদ্ধে অর্থঋণ জালিয়াতির মামলা দায়ের করে। পরবর্তীতে আরও কয়েকটি ব্যাংকও ঋণসংক্রান্ত অনিয়মের অভিযোগে মামলা করেছে বলে জানা যায়। বিভিন্ন নথিতে তার সঙ্গে সংশ্লিষ্ট একাধিক প্রতিষ্ঠানের অস্তিত্বও পাওয়া যায়।

এছাড়া হত্যা চেষ্টা, নাশকতা, হামলা, সরকারি কাজে বাধা প্রদান, উসকানি এবং সহিংস কর্মকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগে বিভিন্ন সময়ে তার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হয়েছে বলে অভিযোগ রয়েছে। ২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পরও দেশের বিভিন্ন স্থানে তার বিরুদ্ধে নতুন কয়েকটি মামলার তথ্য পাওয়া গেছে।

স্থানীয় বিভিন্ন সূত্রের দাবি, প্রভাবশালী ব্যবসায়িক গোষ্ঠীগুলোর বিভিন্ন কার্যক্রমে তিনি দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ভূমি অধিগ্রহণ, ব্যবসায়িক প্রভাব বিস্তার এবং আর্থিক লেনদেনসংক্রান্ত নানা অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। তবে এসব অভিযোগের বিষয়ে তার বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সমালোচকদের প্রশ্ন, এতগুলো অভিযোগ ও মামলার তথ্য সামনে আসার পরও তিনি কীভাবে নির্বিঘ্নে দেশ-বিদেশে যাতায়াত করছেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর দৃশ্যমান কোনো পদক্ষেপ কেন দেখা যাচ্ছে না। তবে এসব বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক ব্যাখ্যা পাওয়া যায়নি।


এই ক্যাটাগরির আরো সংবাদ