বেসরকারি উন্নয়ন সংস্থা ব্রাক পাহাড়ের তৃণমূল পর্যায়ের কৃষকদের জীবনমান উন্নয়নে কাজ করবে বলে জানিয়েছেন সংস্থাটির সিনিয়র ডিরেক্টর অরিঞ্জয় ধর।
বুধবার (১৭ই জুন) দুপুরে নানিয়ারচর উপজেলার বুড়িঘাট ইউনিয়নের বগাছড়ি এলাকায় আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় চাষিদের চাষাবাদ পদ্ধতি, উৎপাদিত পণ্য বাজারজাতকরণ ও তাদের জীবন মান উন্নয়নে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
সভায় বিশেষ অতিথি ছিলেন, নানিয়ারচর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. হারুন মিয়া, ব্রাকের সহযোগী পরিচালক বেলায়েত হোসেন, ডেপুটি প্রোগ্রাম হেড মো. আলাউদ্দীন, ডেপুটি প্রোগ্রামার স্বাগত ভট্টাচার্য, সিনিয়র প্রোজেক্ট ম্যানেজার গোলাম রব্বানী ও আহমদ হোসেন, আঞ্চলিক ব্যবস্থাপক চাইমেপ্রু মারমা এবং বিশিষ্ট ব্যবসায়ী সৈয়দ আমিনুল কবির।
এসময় ব্রাকের রাঙামাটি জেলা সমন্বয়ক মো. হাবিবুর রহমান, এলাকা ব্যবস্থাপক মো. আল আমিন ও নানিয়ারচর উপজেলা ব্রাঞ্চ ম্যানেজার প্রিয় বরণ চাকমা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
বক্তব্যে ব্রাক কর্মকর্তারা স্থানীয় কৃষকদের সাথে তাদের উৎপাদিত পণ্য সংরক্ষণ ও বিক্রয় প্রক্রিয়া বিষয়ে আলোচনা করেন। এছাড়াও সেলাই প্রশিক্ষণ কেন্দ্র, জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র এবং হাস মুরগির খামার সহ পিছিয়ে পড়া স্থানীয় জনগোষ্ঠীর মানুষের জন্য বিভিন্ন উন্নয়নমুখী কর্মকাণ্ড পরিচালনা সহ তাদের প্রয়োজন অনুযায়ী সহায়তা প্রদানের আশ্বাস প্রদান করেন।
উল্লেখ্য, বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক তৃণমূল পর্যায়ে দরিদ্র মানুষের জীবনমান উন্নয়ন ও বিভিন্ন সামাজিক সমস্যা সমাধানে স্থানীয়দের সাথে নিয়মিত উঠান বৈঠক, সুধী সমাবেশ ও মতবিনিময় সভার আয়োজন করে থাকে। এই মতবিনিময় কর্মসূচির মূল উদ্দেশ্য হলো সরাসরি স্থানীয়দের মতামত শুনে তাদের প্রয়োজন অনুযায়ী সহায়তা প্রদান করা।