শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন

খাগড়াছড়িতে এমপি ওয়াদুদ ভূইয়ার নির্দেশে দীঘিনালায় বন্যার্তদের পাশে জেলা বিএনপি

আরিফুল ইসলাম (খাগড়ছড়ি জেলা প্রতিনিধি)
শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

ভারী বর্ষণে সৃষ্ট আকস্মিক বন্যায় খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার জামতলী ও জগন্নাথ হিন্দুপাড়া এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে জেলা বিএনপি। খাগড়াছড়ির সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়ার নির্দেশে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমার নেতৃত্বে একটি দল বন্যাকবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নেন।

পরিদর্শনকালে জেলা পরিষদের চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে কথা বলেন এবং তাদের দুর্ভোগের কথা শোনেন। এ সময় তিনি বন্যার সার্বিক পরিস্থিতি, ক্ষয়ক্ষতি ও দুর্গত মানুষের প্রয়োজনীয়তার বিষয়ে খোঁজ নেন। দুর্যোগের এই সময়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকারও আশ্বাস দেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য এম.এন. আবছার, জেলা বিএনপির সহসভাপতি ও জেলা পরিষদের সদস্য ক্ষেত্র মোহন রোয়াজা, যুগ্ম সম্পাদক ও জেলা পরিষদের সদস্য মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের সদস্য খনি রঞ্জন ত্রিপুরা, কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও জেলা পরিষদের সদস্য রমেল মারমা, জেলা পরিষদের সদস্য শান্তিপ্রিয় চাকমা, অ্যাডভোকেট রিপল চাকমা, জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের সদস্য তাসলিমা সিরাজ সিমা এবং জেলা পরিষদের সদস্য ক্যারী মগ।

এ ছাড়া দীঘিনালা উপজেলা বিএনপির নেতৃবৃন্দও এ সময় উপস্থিত ছিলেন। তারা জামতলী, জগন্নাথ হিন্দুপাড়া ছাড়াও উপজেলার বিভিন্ন বন্যাকবলিত এলাকায় গিয়ে ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে কথা বলেন এবং তাদের সমস্যার কথা শোনেন।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ভারী বর্ষণের ফলে দীঘিনালা উপজেলার নিম্নাঞ্চলের বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। এতে বেশ কয়েকটি এলাকার মানুষ পানিবন্দি হয়ে পড়েন। আকস্মিক বন্যায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হওয়ার পাশাপাশি ঘরবাড়ি, রাস্তাঘাট ও কৃষিজমিতে ক্ষয়ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে।

বন্যাকবলিত এলাকায় পরিদর্শন শেষে জেলা বিএনপি ও জেলা পরিষদের চেয়ারম্যান জানান, দুর্যোগের সময় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সবার দায়িত্ব। দুর্গত মানুষের প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।

তারা বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ কমাতে তাৎক্ষণিক সহায়তার পাশাপাশি পরবর্তী সময়েও তাদের পাশে থাকার চেষ্টা অব্যাহত থাকবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ