মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন

‘জনগণের জন্য কাজ করবে জেলা পরিষদ’: দায়িত্ব নিলেন চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমা ও সদস্যরা

মোঃ আরিফুল ইসলাম খাগড়াছড়ি
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমা ও সদস্যরা দায়িত্বভার গ্রহণ করেছেন। রোববার সকালে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে ১১তম অন্তর্বর্তীকালীন পরিষদের দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে তারা আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন। এ সময় নবনিযুক্ত চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
দায়িত্ব গ্রহণের পর অনুষ্ঠিত মতবিনিময় সভায় চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমা বলেন, দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে জনগণের কল্যাণে কাজ করবে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ।
তিনি বলেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ কোনো নির্দিষ্ট দল বা গোষ্ঠীর প্রতিষ্ঠান নয়। দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে জনগণের কল্যাণে এই পরিষদ কাজ করবে। পাহাড়ের মানুষের দীর্ঘদিনের সমস্যাগুলো চিহ্নিত করে সেগুলোর সমাধানে উদ্যোগ নেওয়া হবে।
তিনি আরও বলেন, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, কৃষি ও স্থানীয় উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে পরিষদের কার্যক্রম আরও গতিশীল করা হবে। পরিষদের প্রতিটি সদস্যকে সঙ্গে নিয়ে সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। এ জন্য সবার সহযোগিতাও কামনা করেন চেয়ারম্যান।
অনুষ্ঠানে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা ইলিয়াস মেহেদী, পরিষদের নির্বাহী কর্মকর্তা আব্দুল আল মাহফুজ, নবনিযুক্ত সদস্য এম এন আবছার, মোশারফ হোসেন, অ্যাডভোকেট আব্দুল মালেক মিন্টু ও রুবেল মারমা বক্তব্য রাখেন।
এ সময় নবনিযুক্ত পরিষদের সদস্যরাও আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। অনুষ্ঠানে জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী, প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা আশা প্রকাশ করেন, নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ খাগড়াছড়ির সার্বিক উন্নয়ন ও জনকল্যাণে কার্যকর ভূমিকা রাখবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ