মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৫ অপরাহ্ন

জিয়ার আদর্শে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয়: কালাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আলেক উদ্দিন (জয়পুরহাট প্রতিনিধি)
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটের কালাই উপজেলায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকী কে ঘিরে দলীয় নেতা কর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর ২০২৬) কালাই উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এবং দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের অংশগ্রহণে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য মো,আব্দুল বারী এমপি।

কালাই উপজেলা বিএনপির আহ্বায়ক মো, ইব্রাহিম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালাই পৌর বিএনপির আহ্বায়ক মো,সাজ্জাদুর রহমান তালুকদার সোহেল, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ মওদুদ আলম সরকার এবং যুগ্ম আহ্বায়ক মো, রফিকুল ইসলাম চৌধুরী (টুকু)।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কালাই পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো, আব্দুল আলিম সরকার।

আলোচনা সভায় বক্তারা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন, কর্মময় জীবন এবং দেশ গঠনে তাঁর অবদানের কথা স্মরণ করেন। তারা বলেন, ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর প্রতিষ্ঠিত বিএনপি দীর্ঘ রাজনৈতিক পথচলায় দেশের বহুদলীয় গণতন্ত্র ও বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনকে সামনে রেখে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

বক্তারা আরও বলেন, ৪৮ বছরের পথচলায় নানা আন্দোলন-সংগ্রাম ও রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা করে বিএনপি আজ দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দলে পরিণত হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকীর এই আয়োজন দলের অতীতের সংগ্রামকে স্মরণ করার পাশাপাশি ভবিষ্যৎ পথচলার নতুন প্রেরণা হিসেবে কাজ করবে।

তারা দেশের গণতন্ত্র, মানুষের ভোটাধিকার ও জাতীয় স্বার্থ রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে জনগণের পাশে দাঁড়িয়ে দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময় কালাই উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ