রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন

শিশুদের প্রতিভা বিকাশ ও সাংস্কৃতিক চর্চায় অনন্য উদ্যোগ: কবি নজরুল একাডেমির পঞ্চম “শিশু উৎসব ২০২৬” সম্পন্ন

নিজস্ব প্রতিবেদন
রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

শিশুদের মেধা, মনন, সৃজনশীলতা ও সাংস্কৃতিক প্রতিভা বিকাশের প্রত্যয় নিয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে কবি নজরুল একাডেমি চট্টগ্রাম কর্তৃক পঞ্চম বারের মতো আয়োজিত “শিশু উৎসব ২০২৬”। গত ৬ নভেম্বর (শুক্রবার) চট্টগ্রামের নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে উৎসবের পুরস্কার বিতরণ, সম্মাননা প্রদান ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১০ সংসদীয় আসনের মাননীয় সংসদ সদস্য সাঈদ আল নোমান। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী দিঠী আনোয়ার। বিশেষ সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেণ্য নজরুল সংগীত শিল্পী ও গবেষক ফেরদৌস আরা। বাচিক শিল্পী স্বপ্নীল বড়ুয়া ডানা ও মৌসুমী চক্রবর্তী এর সঞ্চালনায় মেহেরুন নিগার এর তত্ত্বাবধানে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কবি নজরুল একাডেমি চট্টগ্রামের নির্বাহী পরিচালক মোঃ নুর নবী। সার্বিক অনুষ্ঠান পরিচালনায় ছিলেন একাডেমির পরিচালক জেবুন নাহার শারমিন।

অনুষ্ঠানের উদ্বোধনী পর্ব শুরু হয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিশু শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘শত কণ্ঠে জাতীয় সংগীত’, নজরুল সংগীত ও দেশাত্মবোধক গান পরিবেশনার মধ্য দিয়ে। শত শত শিশুর কণ্ঠে জাতীয় সংগীত ও দেশাত্মবোধক গানের পরিবেশনা পুরো অনুষ্ঠানস্থলে সৃষ্টি করে এক আবেগঘন ও দেশপ্রেমের আবহ।

প্রধান অতিথির বক্তব্যে সাঈদ আল নোমান বলেন, “আজকের শিশুরাই আগামী দিনের বাংলাদেশ। শিশুদের শুধু পাঠ্যবইয়ের শিক্ষায় শিক্ষিত করলেই চলবে না, তাদের মানবিক, সৃজনশীল, সংস্কৃতিমনস্ক ও দেশপ্রেমিক মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। সংগীত, নৃত্য, আবৃত্তি, চিত্রকলা ও সাহিত্যচর্চা শিশুদের মনকে সুন্দর করে এবং তাদের আত্মবিশ্বাস ও নেতৃত্বের গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের আয়োজন শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশের পাশাপাশি তাদের মাঝে প্রতিযোগিতার মনোভাব, সহমর্মিতা ও দেশপ্রেম জাগিয়ে তোলে। শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়তে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সাংস্কৃতিক সংগঠনগুলোকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। কবি নজরুল একাডেমি চট্টগ্রামের এ উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।”

উদ্বোধক ও একাডেমির প্রধান উপদেষ্টা জনপ্রিয় কণ্ঠশিল্পী দিঠী আনোয়ার তাঁর শুভেচ্ছা বক্তব্যে বলেন, “শিশুরা আমাদের আগামী দিনের স্বপ্ন ও সম্ভাবনা। তাদের প্রতিভাকে বিকশিত করার জন্য ছোটবেলা থেকেই সাংস্কৃতিক চর্চার সঙ্গে সম্পৃক্ত করা অত্যন্ত জরুরি। গান, নাচ, আবৃত্তি ও ছবি আঁকার মতো সৃজনশীল কর্মকাণ্ড শিশুদের শুধু শিল্পী হিসেবেই গড়ে তোলে না, বরং তাদের সুন্দর মনের মানুষ হতেও সহায়তা করে। কবি নজরুল একাডেমি চট্টগ্রাম দীর্ঘদিন ধরে শিশুদের প্রতিভা বিকাশে যে আন্তরিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, তা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। যারা আজ পুরস্কার পেয়েছ, তাদের অভিনন্দন। আর যারা পুরস্কার পাওনি, তাদের বলব—হতাশ হওয়ার কিছু নেই। অংশগ্রহণ করাটাই অনেক বড় অর্জন। নিয়মিত অনুশীলন করবে, নিজের প্রতিভাকে ভালোবাসবে। একদিন তোমরাও সফল হবে। শিশুদের এমন আনন্দময় ও সৃজনশীল আয়োজনে থাকতে পেরে আমি আনন্দিত ও গর্বিত।”

অনুষ্ঠানে দেশের বরেণ্য নজরুলসংগীত শিল্পী ও গবেষক ফেরদৌস আরাকে ‘শিশু উৎসব ২০২৬ সম্মাননা’ প্রদান করা হয়। নজরুলসংগীতের প্রচার, প্রসার, চর্চা ও গবেষণায় তাঁর দীর্ঘদিনের অবদান এবং সংগীতাঙ্গনে অসামান্য ভূমিকার স্বীকৃতিস্বরূপ তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়। তাঁর সংগীতজীবনের সাফল্য ও সাংস্কৃতিক অবদান নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে বলে অনুষ্ঠানে বক্তারা উল্লেখ করেন।

পঞ্চম বারের মতো আয়োজিত এবারের “শিশু উৎসব” ২০২৬-এ চিত্রাঙ্কন, আবৃত্তি, সংগীত, নৃত্যকলা ও সুন্দর হাতের লেখা—এই পাঁচটি বিভাগে সর্বমোট ১ হাজার ৪৫ জন শিক্ষার্থী নিবন্ধন করে। প্রতিযোগিতার বিভিন্ন বিভাগ থেকে মোট ১২৪ জন শিক্ষার্থী বিজয়ী হয়। বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেওয়া হয়। পাশাপাশি শিশুদের উৎসাহিত করতে অংশগ্রহণকারী প্রতিযোগীদেরও বিশেষভাবে অভিনন্দন জানানো হয়।

পুরস্কার বিতরণী পর্বের পাশাপাশি ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। শিশু শিল্পীদের গান, নৃত্য, আবৃত্তি ও বিভিন্ন পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে। শিশুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজন পরিণত হয় আনন্দ, উৎসাহ ও সৃজনশীলতার এক মিলনমেলায়।

উল্লেখ্য, ২০০৮ সালের ১৬ ডিসেম্বর প্রতিষ্ঠিত কবি নজরুল একাডেমি চট্টগ্রাম দীর্ঘ ১৮ বছর ধরে শিশু-কিশোরদের মেধা, মনন ও সাংস্কৃতিক বিকাশে কাজ করে যাচ্ছে। প্রতিবছরের ধারাবাহিকতায় আয়োজিত এ শিশু উৎসব চট্টগ্রামের শিশুদের জন্য একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক মিলনমেলায় পরিণত হয়েছে। শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশ, সাংস্কৃতিক মূল্যবোধ সৃষ্টি এবং আগামী প্রজন্মকে মানবিক ও সৃজনশীল মানুষ হিসেবে গড়ে তোলার প্রত্যয় নিয়েই সফলভাবে সম্পন্ন হয় পঞ্চম “শিশু উৎসব ২০২৬”।


এই ক্যাটাগরির আরো সংবাদ