যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় রাশিয়া ও ইউক্রেনের মধ্যে অনুষ্ঠিত শান্তি আলোচনা কোনো সমঝোতা ছাড়াই শেষ হওয়ার পর রাশিয়ায় বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। হামলায় ক্রিমিয়া সেতু ও একটি তেল শোধনাগার লক্ষ্যবস্তু হয়েছে। অন্যদিকে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, বিভিন্ন এলাকায় ইউক্রেনের ১ হাজার ৩৩৬টি ড্রোন ভূপাতিত করেছে তাদের বাহিনী।
মস্কো-নিযুক্ত ক্রিমিয়ার গভর্নর সের্গেই আকসিওনভ জানিয়েছেন, সোমবার সকালে ক্রিমিয়া সেতুতে হামলা চালানো হয়। এ ঘটনায় দুপুর পর্যন্ত সেতুটিতে যান চলাচল সীমিত রাখা হয়। তবে হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানাননি তিনি।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, রাতভর মস্কো অঞ্চল ও ক্রিমিয়াসহ বিভিন্ন এলাকায় ইউক্রেনের ১ হাজার ৩৩৬টি ড্রোন ভূপাতিত করেছে রুশ বাহিনী।
অন্যদিকে, ইউক্রেনের সামরিক বাহিনী জানিয়েছে, রাশিয়ার ক্রাসনোদর অঞ্চলের ইলস্কি তেল শোধনাগারে হামলা চালানো হয়েছে। এতে শোধনাগারের অপরিশোধিত তেল পরিশোধন ও গ্যাসোলিন উৎপাদন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন, ইউক্রেনের হামলায় রাশিয়ার ৫৫ শতাংশের বেশি তেল পরিশোধন সক্ষমতা অকার্যকর হয়ে পড়েছে। তবে ব্লুমবার্গ নিউজ জানিয়েছে, এ দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
এদিকে, ইউক্রেনের নিপ্রো, জাপোরিঝিয়া ও চেরকাসি অঞ্চলের জ্বালানি অবকাঠামোতেও হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত দুজন নিহত হয়েছেন এবং বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়েছে। অন্যদিকে, রাশিয়ার হামলায় ইউক্রেনের ওদেসা অঞ্চলে ৫২ হাজারের বেশি পরিবার বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে।
এর আগে গত সপ্তাহে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদের মধ্যে শান্তি আলোচনা অনুষ্ঠিত হয়। তবে আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। যদিও দুই পক্ষ আলোচনা অব্যাহত রাখা এবং নতুন করে বন্দি বিনিময়ে সম্মত হয়েছে।