রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:০০ অপরাহ্ন

সশস্ত্র বাহিনী দিবস জাতীয় জীবনের গৌরবোজ্জ্বল অধ্যায়: অর্থমন্ত্রী

ডেস্ক রিপোর্ট
শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

সশস্ত্র বাহিনী দিবস বাংলাদেশের জাতীয় জীবনের একটি ঐতিহাসিক ও গৌরবোজ্জ্বল দিন বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

তিনি বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় সশস্ত্র বাহিনীর ভূমিকা এবং দেশকে সুরক্ষিত রাখার দৃঢ় প্রত্যয় জাতি হিসেবে আমাদের গর্বিত করে। এ ধরনের আয়োজন সবার মধ্যে দেশপ্রেম, মনোবল ও দেশের প্রতি দায়িত্ববোধ আরও জাগ্রত করে।

শনিবার (২১ নভেম্বর) চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় বিমানবাহিনীর ঘাঁটি জহুরুল হকে সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ১৯৭১ সালের ২১ নভেম্বর মহান মুক্তিযুদ্ধের ইতিহাসে এক অবিস্মরণীয় দিন। এদিন বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনী সম্মিলিতভাবে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সমন্বিত অভিযান শুরু করে। সশস্ত্র বাহিনীর এই সম্মিলিত প্রতিরোধ ও অভিযান মুক্তিযুদ্ধকে আরও বেগবান করে এবং চূড়ান্ত বিজয়ের পথ সুগম করে। দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের ধারাবাহিকতায় ১৬ ডিসেম্বর অর্জিত হয় স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ।

তিনি আরও বলেন, সশস্ত্র বাহিনী দিবস দেশের প্রতিরক্ষা সক্ষমতা, সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষার অঙ্গীকার এবং আত্মবিশ্বাস প্রকাশের গুরুত্বপূর্ণ উপলক্ষ। এ দিন সবাইকে দেশের নিরাপত্তা ও স্বাধীনতা রক্ষায় নিজ নিজ দায়িত্বের কথা স্মরণ করিয়ে দেয়। বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সদস্যরা জাতিসংঘের শান্তিরক্ষা মিশনসহ বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। ভবিষ্যতেও তাঁরা এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর গৌরবোজ্জ্বল অবদান ও আত্মত্যাগের স্মৃতিকে সম্মান জানাতে প্রতিবছর ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস পালন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন, জেলার বিভিন্ন সংসদীয় এলাকার সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্য, শহীদ পরিবারের সদস্য, ২৪ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি), চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডার, সামরিক ও বেসামরিক প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, আমন্ত্রিত অতিথি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।


এই ক্যাটাগরির আরো সংবাদ