সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৯:২০ অপরাহ্ন

রেলওয়ের যন্ত্রাংশ সরবরাহকারী নিয়োগে অনিশ্চয়তা, ৪৫ প্রতিষ্ঠানের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা

তানভীর আহমেদ (বিশেষ প্রতিনিধি)
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

বাংলাদেশ রেলওয়ের ডিজেল ইলেকট্রিক লোকোমোটিভ (ডিইএল) যন্ত্রাংশ সরবরাহকারী প্রতিষ্ঠান তালিকাভুক্তির প্রক্রিয়া নিয়ে দীর্ঘসূত্রতা ও অনিশ্চয়তা তৈরি হয়েছে। ২০২৪ সালে শুরু হওয়া এ কার্যক্রমে দেশি-বিদেশি ৪৫টি প্রতিষ্ঠান আবেদন করলেও এখনো চূড়ান্ত সিদ্ধান্ত না আসায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। এ অবস্থায় তালিকাভুক্তির প্রক্রিয়া বাতিল না করে স্বচ্ছতা, জবাবদিহি ও ন্যায্য প্রতিযোগিতা নিশ্চিত করে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে স্পেয়ার্স অ্যান্ড এক্সেসরিজ সাপ্লায়ার্স অ্যাসোসিয়েশন (বিআরএসএএসএ)।

সংগঠনটির নেতারা বলছেন, দীর্ঘদিন ধরে রেলওয়ের চাহিদা অনুযায়ী দেশি-বিদেশি বিভিন্ন উৎস থেকে গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ সংগ্রহ, সরবরাহ ও রক্ষণাবেক্ষণসংশ্লিষ্ট কাজে ভূমিকা রেখে আসছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো। এ প্রক্রিয়ায় অনিশ্চয়তা দীর্ঘায়িত হলে আন্তর্জাতিক প্রস্তুতকারক ও সরবরাহকারী প্রতিষ্ঠানের অংশগ্রহণ কমে যাওয়ার পাশাপাশি রেলওয়ের ক্রয় ব্যবস্থায় প্রতিযোগিতাও বাধাগ্রস্ত হতে পারে।

২১ নভেম্বর ২০২৬ তারিখে প্রকাশিত এক লিখিত বক্তব্যে সংগঠনটি জানায়, বাংলাদেশ রেলওয়ের ডিজেল ইলেকট্রিক লোকোমোটিভের খুচরা যন্ত্রাংশের প্রস্তুতকারক ও সরবরাহকারী প্রতিষ্ঠান তালিকাভুক্তির লক্ষ্যে ২০২৪ সালে দেশি-বিদেশি মোট ৪৫টি প্রতিষ্ঠান আবেদন করে। এ কার্যক্রমের স্মারক নম্বর ৫৪.০১.১৫৪৩.৪৫৫.০৭.০৩৭.২৪। তবে আবেদন গ্রহণের পর থেকে তালিকাভুক্তির অগ্রগতি, মূল্যায়ন ও চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

লিখিত বক্তব্যে আরও বলা হয়, এর আগে ২০২১ সালে একই ধরনের তালিকাভুক্তি কার্যক্রম বাতিল হওয়ার অভিজ্ঞতা রয়েছে। সে ঘটনার পুনরাবৃত্তি ঘটিয়ে ২০২৪ সালের কার্যক্রমও বাতিল করা হলে আন্তর্জাতিক সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর কাছে বাংলাদেশের রেলওয়ের ক্রয়প্রক্রিয়ার স্বচ্ছতা ও ধারাবাহিকতা নিয়ে নেতিবাচক বার্তা যেতে পারে।

সংগঠনটির দাবি, আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রস্তুতকারক, মূল যন্ত্রাংশ উৎপাদনকারী (ওইএম) এবং বিদেশি সরবরাহকারী প্রতিষ্ঠানের অংশগ্রহণ নিশ্চিত করা রেলওয়ের যন্ত্রাংশ সংগ্রহের মান ও কার্যকারিতা বৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ। তাই আবেদনকারী প্রতিষ্ঠানগুলোর যোগ্যতা ও সক্ষমতা যাচাই করে ন্যায্য প্রতিযোগিতার পরিবেশ বজায় রাখা প্রয়োজন।

এদিকে, লিখিত বক্তব্যে ২০২১ সালের টেন্ডার নম্বর P6/DSL/Supplier-Enlistment/2021-এর মাধ্যমে রেলওয়ের ডিজেল ইলেকট্রিক লোকোমোটিভের খুচরা যন্ত্রাংশের প্রস্তুতকারক ও সরবরাহকারীদের তালিকাভুক্তির প্রসঙ্গও তুলে ধরা হয়। ওই কার্যক্রমে দরপত্র খোলার তারিখ ধারাবাহিকভাবে সাতবার পিছিয়ে দেওয়ার বিষয়টি উল্লেখ করে সংগঠনটি এ ধরনের দীর্ঘসূত্রতার পুনরাবৃত্তি না করার আহ্বান জানায়।

সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, তাদের বক্তব্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যক্তিগত বিরোধের কারণে নয়। বরং রেলওয়ের ক্রয়সংগ্রহ ব্যবস্থায় স্বচ্ছতা, জবাবদিহি এবং ন্যায়সংগত প্রতিযোগিতামূলক পরিবেশ প্রতিষ্ঠাই তাদের মূল লক্ষ্য।

সংবাদ সম্মেলনে উত্থাপিত বক্তব্যে সংগঠনটি রেলপথ মন্ত্রীর কাছে বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদনকারী প্রতিষ্ঠানগুলোর বিষয়ে স্বচ্ছ মূল্যায়নের মাধ্যমে দ্রুত চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার দাবি জানিয়েছে।

সংগঠনটির নেতাদের মতে, রেলওয়ের যন্ত্রাংশ সংগ্রহে দক্ষ, অভিজ্ঞ ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরবরাহকারীদের অংশগ্রহণ নিশ্চিত করা গেলে ক্রয়প্রক্রিয়ায় প্রতিযোগিতা বাড়বে এবং রেলওয়ের স্বার্থ আরও সুরক্ষিত হবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ