সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১১:২৪ অপরাহ্ন

প্রতিভা বিকাশের সুযোগ পেলে বিশেষ শিশুরাই হতে পারে দেশের গর্ব: ডিসি জাহিদ

তানভীর আহমেদ (বিশেষ প্রতিনিধি)
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা সমাজের বোঝা নয়, বরং তাদের মধ্যেই লুকিয়ে আছে অসীম সম্ভাবনা। যথাযথ পরিচর্যা, প্রশিক্ষণ ও উৎসাহ পেলে তারাও নিজ নিজ ক্ষেত্রে সাফল্য অর্জন করে দেশের সম্পদে পরিণত হতে পারে। তাই প্রতিটি শিশুর সুপ্ত প্রতিভা খুঁজে বের করে তা বিকাশের সুযোগ সৃষ্টি করতে হবে।

সোমবার (২৩ নভেম্বর) চট্টগ্রামে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য আয়োজিত এক ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের মেধা ও প্রতিভা বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ ধরনের প্রতিযোগিতার মাধ্যমে কোন শিশু কোন খেলায় পারদর্শী, তা চিহ্নিত করা সম্ভব। পরবর্তী সময়ে তাদের আগ্রহ ও দক্ষতা অনুযায়ী প্রশিক্ষণের ব্যবস্থা করা গেলে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়েও সাফল্য অর্জনের সুযোগ তৈরি হবে।

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের পরিবারগুলোর প্রতিকূলতার কথা তুলে ধরে তিনি বলেন, এসব পরিবারের সদস্যদের নানা চ্যালেঞ্জের মধ্য দিয়ে জীবনযাপন করতে হয়। তবে একটি ক্ষেত্রে কোনো শিশুর সীমাবদ্ধতা থাকলেও অন্য ক্ষেত্রে তার অসাধারণ মেধা ও দক্ষতা থাকতে পারে। প্রয়োজন শুধু সেই সম্ভাবনাকে চিহ্নিত করে বিকাশের সুযোগ করে দেওয়া।

বিশ্বখ্যাত বিজ্ঞানী স্টিফেন হকিংয়ের উদাহরণ টেনে জেলা প্রশাসক বলেন, শারীরিক প্রতিবন্ধকতা কখনোই মেধা ও সৃজনশীলতার বিকাশের চূড়ান্ত বাধা হতে পারে না। শারীরিক সীমাবদ্ধতা সত্ত্বেও স্টিফেন হকিং বিজ্ঞানচর্চায় অসামান্য অবদান রেখেছেন। তাঁর রচিত ‘এ ব্রিফ হিস্ট্রি অব টাইম’ বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে।

তিনি বলেন, কোনো শিশুকেই অবহেলা করার সুযোগ নেই। প্রতিটি শিশুর প্রকৃত প্রতিভার জায়গাটি খুঁজে বের করে সে অনুযায়ী পরিচর্যা ও প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। শুধু দৈনন্দিন চাহিদা পূরণ করলেই অভিভাবক ও শিক্ষকদের দায়িত্ব শেষ হয় না। শিশুর আগ্রহ, দক্ষতা ও সক্ষমতা বুঝে তাকে এগিয়ে নেওয়ার উদ্যোগ নিতে হবে।

জেলা প্রশাসক আরও বলেন, সবাইকে চিকিৎসক, প্রকৌশলী কিংবা ম্যাজিস্ট্রেট হতে হবে এমন কোনো কথা নেই। প্রত্যেকেই নিজের যোগ্যতা ও দক্ষতা অনুযায়ী সর্বোচ্চ চেষ্টা করলে নিজ নিজ ক্ষেত্রে সফল হতে পারে। খেলাধুলার মাধ্যমেও আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করা সম্ভব।

তিনি বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে এ ধরনের ক্রীড়া প্রতিযোগিতা কেবল বিনোদনের আয়োজন নয়; বরং তাদের প্রতিভা, আগ্রহ ও সক্ষমতা চিহ্নিত করার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এ ক্ষেত্রে শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

জেলা প্রশাসক বলেন, আমরা চাই না বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা পরিবার কিংবা সমাজের বোঝা হয়ে থাকুক। তারা নিজেদের মেধা ও যোগ্যতায় সমাজের সম্পদে পরিণত হবে, সাফল্যের মাধ্যমে সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলবে—এটাই আমাদের প্রত্যাশা। প্রতিটি সন্তানই সমান গুরুত্বপূর্ণ। তাদের নিয়েই আমরা স্বপ্ন দেখি, তাদের নিয়েই দেশকে এগিয়ে নিতে চাই।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)। এ সময় জেলা ক্রীড়া কর্মকর্তা, বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা, শিক্ষক, অভিভাবক এবং প্রতিযোগিতায় অংশ নেওয়া বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা উপস্থিত ছিলেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ