টাঙ্গাইলে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মানবিক সহায়তার অংশ হিসেবে নিহতদের পরিবারকে নগদ ৩৫ হাজার টাকা করে এবং আহত পরিবারকে ৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
বুধবার (২৭ মে) বিকেলে নওগাঁর মান্দা উপজেলার ভাঁরশো ইউনিয়নের রাজেন্দ্রবাটি গ্রামে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ আর্থিক সহায়তা প্রদান করা হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ জেলা শাখার আমীর খন্দকার আব্দুর রাকিব নিহত ও আহত পরিবারের সদস্যদের হাতে এ সহায়তা তুলে দেন। এসময় মোট ১০টি নিহত পরিবারের মাঝে ৩ লাখ ৫০ হাজার টাকা বিতরণ করা হয়।
সহায়তা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা সেক্রেটারি অ্যাডভোকেট আবু সায়েম, উপজেলা চেয়ারম্যান প্রার্থী মাওলানা মোস্তফা আল আমিন, উপজেলা আমীর মাওলানা মোহাম্মদ আমিনুল ইসলাম, উপজেলা সেক্রেটারি মোয়াজ্জেম হোসেন, ভাইস চেয়ারম্যান প্রার্থী মো. আব্দুল মালেক, তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোখলেসুর রহমান কামরুল, মান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডা. তোফাজ্জল হোসেন, শ্রমিক কল্যাণ সভাপতি মাহবুব মিঠু, বায়তুলমাল সম্পাদক মোয়াজ্জেম হোসেন এবং ভাঁরশো ইউনিয়ন আমীর মাওলানা মো. আব্দুল মালেকসহ স্থানীয় নেতৃবৃন্দ।
এসময় বক্তারা বলেন, মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানোই প্রকৃত মানবতা। ভবিষ্যতেও অসহায় ও দুর্গত মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তারা।