মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:২৬ অপরাহ্ন

৯৩% মেধা ও ৭% কোটায় নিয়োগের দাবিতে কোটা বিরোধী ঐক্যজোটের আল্টিমেটাম

নাজিম আলী (রাঙ্গামাটি প্রতিনিধি)
সোমবার, ২৭ জুলাই, ২০২৬

প্রাথমিক শিক্ষক নিয়োগে ৯৩ শতাংশ মেধা ও ৭ শতাংশ কোটার ভিত্তিতে নিয়োগ, শতভাগ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতসহ কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি জানিয়েছে কোটা বিরোধী ঐক্যজোট।

সোমবার ২৭ জুলাই ২০২৬ সকাল সাড়ে ১০টা ৩০ মিনিটে রাঙ্গামাটির বনরূপাস্থ আয়োজন রেস্তোরাঁয় আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা এসব দাবি তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে তারা বলেন, নিয়োগ প্রক্রিয়ায় কেন্দ্রীয়ভাবে প্রশ্নপত্র প্রণয়ন, জেলা প্রশাসকের তত্ত্বাবধানে প্রশ্নপত্র সংরক্ষণ, উত্তরপত্র মূল্যায়ন, উপজেলাভিত্তিক কোটার বিন্যাস প্রকাশ এবং চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের তথ্য প্রকাশ নিশ্চিত করতে হবে। তাদের মতে, এসব পদক্ষেপ বাস্তবায়িত হলে নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি পাবে এবং যোগ্য প্রার্থীরা ন্যায্য সুযোগ পাবেন।

বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদের হস্তান্তরিত বিভাগগুলোর নিয়োগে ৬৭ শতাংশ উপজাতি ও ৩৩ শতাংশ বাঙালি কোটার ভিত্তিতে নিয়োগ দেওয়া হচ্ছে। এতে মেধা ও যোগ্যতাকে উপেক্ষা করে বৈষম্যমূলক নিয়োগ ব্যবস্থা চালু রয়েছে বলে তারা দাবি করেন। তারা বলেন এ ব্যবস্থা সংবিধানের ন্যায়বিচারের চেতনার পরিপন্থী এবং চাকরিপ্রত্যাশী তরুণদের সঙ্গে দীর্ঘদিন ধরে বৈষম্যমূলক আচরণ করা হয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কোটা বিরোধী ঐক্যজোটের আহ্বায়ক মোহাম্মদ জনি, সদস্য সচিব মো. নুরুল আলম, যুগ্ম আহ্বায়ক মো. ফজলে রাব্বী, মো. ইব্রাহিম রুবেল, মো. রুবেল হোসেন, মো. নাসিমুল গণি, সদস্য মো. হাবিবউল্লাহ, মো. আরিফুল হক, মুন্নি আক্তার ও জান্নাতুল ফেরদৌস।

সংবাদ সম্মেলনের শেষে নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, আইন মন্ত্রণালয়ের সুস্পষ্ট ব্যাখ্যার পরও যদি জেলা পরিষদ কর্তৃপক্ষ নিয়োগ প্রক্রিয়া নিয়ে টালবাহানা বা কালক্ষেপণ করে, তাহলে পাহাড়ের সর্বস্তরের ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। একই সঙ্গে তারা গণমাধ্যমের প্রতি তাদের দাবিগুলো গুরুত্বের সঙ্গে তুলে ধরার আহ্বান জানান।


এই ক্যাটাগরির আরো সংবাদ