শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন

৮০০ পেঁপে গাছ কাটার ঘটনায় পিসিএনপির নিন্দা, দোষীদের শাস্তির দাবি

নাজিম আলী (রাঙ্গামাটি প্রতিনিধি)
শনিবার, ১ আগস্ট, ২০২৬

রাঙামাটি শহরের উপকণ্ঠে ১০ লাখ টাকা চাঁদার দাবি পূরণ না হওয়ায় ব্যক্তি মালিকানাধীন একটি পেঁপে বাগানের প্রায় ৮০০টি ফলন্ত গাছ কেটে দেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি) কেন্দ্রীয় কমিটি। একই সঙ্গে এ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে সংগঠনটি।

শনিবার ১ আগস্ট ২০২৬ গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে পিসিএনপির কেন্দ্রীয় চেয়ারম্যান আব্দুল হামিদ রানা এবং মহাসচিব মোহাম্মদ সোলায়মান এ দাবি জানান।

বিজ্ঞপ্তিতে নেতৃবৃন্দ বলেন, সাম্প্রতিক সময়ে পার্বত্য চট্টগ্রামে চাঁদাবাজি, অপহরণ, চাঁদার দাবিতে মারধরসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। এসব ঘটনায় সাধারণ মানুষের মধ্যে চরম নিরাপত্তাহীনতা বিরাজ করছে।

তারা প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়ে বলেন, পার্বত্য চট্টগ্রামে সক্রিয় সকল সন্ত্রাসী ও চাঁদাবাজ চক্রের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে সাধারণ মানুষের জানমাল ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জনগণের রায়ে নবনির্বাচিত সরকার পার্বত্য চট্টগ্রামে বসবাসরত বাঙালি ও পাহাড়ি সকল জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে এবং সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে প্রয়োজনীয় অভিযান পরিচালনার মাধ্যমে জনজীবনে শান্তি ও স্বস্তি ফিরিয়ে আনবে এমন প্রত্যাশা করছে সংগঠনটি।

নেতৃবৃন্দ সতর্ক করে বলেন, অনতিবিলম্বে এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ না করা হলে পার্বত্য চট্টগ্রামের ভুক্তভোগী জনগণকে সঙ্গে নিয়ে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ