বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে ১১ দলীয় ঐক্যের সমাবেশ ও গণমিছিল

মো নাজিম আলী,রাঙামাটি
বুধবার, ৫ আগস্ট, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে গণভোটের গণরায়ের প্রতিফলন, জুলাই সনদ বাস্তবায়ন এবং জুলাই শহীদদের স্মরণে রাঙ্গামাটিতে সমাবেশ ও গণমিছিল করেছে ১১ দলীয় ঐক্য, রাঙ্গামাটি পৌরসভা।
বুধবার (৫ আগস্ট) সকাল ১১টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রাঙ্গামাটি পৌরসভা জামায়াতের উদ্যোগে বনরূপা থেকে গণমিছিল শুরু হয়। মিছিলটি কাঠালতলী হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বনরূপা সিএনজি স্টেশন এলাকায় এসে সমাবেশে মিলিত হয়।
পৌরসভা জামায়াতের সেক্রেটারি আবুল বাশারের সঞ্চালনায় এবং পৌরসভা আমীর অ্যাডভোকেট মাইন উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাঙ্গামাটি জেলা আমীর সহকারী অধ্যাপক আব্দুল আলীম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা নায়েবে আমীর মাওলানা জাহাঙ্গীর আলম, জেলা সেক্রেটারি মনছুরুল হক, জেলা প্রচার সম্পাদক অ্যাডভোকেট হারুনুর রশিদ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাঙ্গামাটি জেলা সভাপতি আব্দুস সালাম, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাঙ্গামাটি জেলা সভাপতি মোহাম্মদ রবিউল ইসলাম,এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. শাহিদুল ইসলাম খান, যুগ্ম আহ্বায়ক মো. জাকির হোসেন চৌধুরী এবং লংগদু উপজেলা সভাপতি মো. রকিব হোসেন। এ সময় জেলা ও পৌরসভার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সহকারী অধ্যাপক আব্দুল আলীম বলেন, জুলাই গণঅভ্যুত্থান দেশের গণতন্ত্র, ন্যায়বিচার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তিনি গণভোটের গণরায়ের যথাযথ প্রতিফলন এবং জুলাই সনদের দ্রুত বাস্তবায়নের দাবি জানান। একই সঙ্গে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে তাদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
তিনি আরও বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট তৎকালীন সরকার বাংলাদেশ জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করেছিল। তবে ছাত্র জনতার আন্দোলনের মুখে কয়েক দিনের মধ্যেই দেশের রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তন ঘটে। তিনি মন্তব্য করেন, বর্তমান সরকার যদি জুলাই সনদ বাস্তবায়নে ব্যর্থ হয়, তবে জনগণের কাছেও তাদের জবাবদিহি করতে হবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ