বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন

‎নৌযান শুমারি ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে অবহিতকরণ সভা

মাহদী বিন সুলতান, রাঙামাটি
বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬

‎সারাদেশের ন্যায় ‘নৌযান শুমারি-২০২৬’ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে রাঙামাটিতে অংশীজনদের নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

‎বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস), পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ এবং জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ নাজমা আশরাফী।

এতে বিশেষ অতিথি ছিলেন, রাঙামাটি সিভিল সার্জন ডা. নূয়েন খীসা ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ইকবাল হোসাইন, পিপিএম।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ রুহুল আমিন এর সভাপতিত্বে ‎সভায় নৌযান শুমারি-২০২৬-এর উদ্দেশ্য, আওতাভুক্ত ও আওতাবহির্ভূত নৌযানের সংজ্ঞা, তথ্য সংগ্রহের পদ্ধতি, গণসচেতনতা কার্যক্রম এবং মাঠপর্যায়ে বাস্তবায়ন কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশের সমুদ্র উপকূল, নদ-নদী, হাওর-বাঁওড়, বিল, জলাশয় ও অভ্যন্তরীণ নৌপথে চলাচলকারী সকল ইঞ্জিনচালিত নৌযান, ছোট-বড় যাত্রী ও পণ্যবাহী নৌযান এবং ডাম্ব বার্জসহ নির্ধারিত নৌযান এ শুমারির আওতায় থাকবে। তবে সাধারণ বৈঠাচালিত নৌকা এবং আন্তর্জাতিকভাবে নিবন্ধিত বিদেশি মালিকানাধীন নৌযান শুমারির আওতাভুক্ত হবে না। নৌযান শুমারির প্রচারে টেলিভিশন, রেডিও, সংবাদপত্র, সামাজিক যোগাযোগমাধ্যম, পোস্টার, লিফলেট, ব্যানার, মোবাইল এসএমএস এবং ধর্মীয় প্রতিষ্ঠানের মাধ্যমে ব্যাপক জনসচেতনতা কার্যক্রম পরিচালনা করা হবে বলেও জানান বক্তারা।

‎সংশ্লিষ্ট দপ্তরের তথ্যানুযায়ী, রাঙামাটিতে শুমারি প্রস্তুতির অংশ হিসেবে কুইক কাউন্ট অপারেশন পরিচালিত হয়েছে। এতে জেলার ১০টি উপজেলায় মোট ৪২২টি ঘাট এবং ৪২৯৬টি নৌযান চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে বরকাল উপজেলায় সর্বোচ্চ ১২৩৩টি, লংগদুতে ১০৯১টি, রাঙামাটি সদর উপজেলায় ৬৫৭টি, কাপ্তাইয়ে ৪৫০টি এবং বিলাইছড়িতে ২৭১টি নৌযান শনাক্ত হয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ