রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন

পলিসি ক্যাম্প ২০২৬-এ চট্টগ্রাম’র তরুণ সাঈদ আনোয়ার তকি ফাইনালিস্ট

এবাদুল হক (বিশেষ সংবাদদাতা)
বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬

তরুণদের নেতৃত্ব বিকাশ, জননীতি সম্পর্কে জ্ঞান অর্জন এবং নীতি-নির্ধারণী প্রক্রিয়ায় তরুণদের সক্রিয় অংশগ্রহণের সুযোগ তৈরির লক্ষ্যে আয়োজিত পলিসি ক্যাম্প ২০২৬-এ চট্টগ্রাম জেলা থেকে ফাইনালিস্ট হিসেবে নির্বাচিত হয়েছেন তরুণ সংগঠক ও যুব নেতৃত্বের সঙ্গে সম্পৃক্ত মোঃ সাঈদ আনোয়ার তকি।

Institute for Informed Development (IID) ও Youth for Policy (YfP)-এর উদ্যোগে আয়োজিত পলিসি ক্যাম্প ২০২৬-এ দেশের বিভিন্ন জেলা থেকে তরুণদের অংশগ্রহণের সুযোগ তৈরি করা হয়। বিভিন্ন ধাপের বাছাই ও মূল্যায়ন প্রক্রিয়া শেষে যোগ্য ও সম্ভাবনাময় তরুণদের মধ্য থেকে ফাইনালিস্ট নির্বাচন করা হয়েছে। এ নির্বাচনে চট্টগ্রাম থেকে মোঃ সাঈদ আনোয়ার তকি ফাইনালিস্ট হওয়ার খবর স্থানীয় তরুণ সমাজ ও সামাজিক সংগঠনগুলোর মধ্যে আনন্দ ও উৎসাহ সৃষ্টি করেছে।

তরুণ নেতৃত্বে সক্রিয় তকি: মোঃ সাঈদ আনোয়ার তকি চট্টগ্রাম জেলার একজন সক্রিয় তরুণ সংগঠক। তরুণদের নেতৃত্ব বিকাশ, জননীতি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, সামাজিক জবাবদিহিতা, দক্ষতা উন্নয়ন ও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে তিনি দীর্ঘদিন ধরে যুক্ত রয়েছেন।

জানা গেছে, ‘ইয়ুথ ফর পলিসি’র ৪২টি জেলার নেটওয়ার্ক সদস্যদের মধ্য থেকে প্রতিযোগিতাপূর্ণ প্রক্রিয়ার মাধ্যমে এই ক্যাম্পের প্রতিনিধি নির্বাচন করা হয়। প্রাথমিক পর্যায়ে আবেদনপত্র এবং নির্দেশিকা অনুযায়ী পাঠানো ভিডিও মূল্যায়নের ভিত্তিতে ৮২ জন প্রার্থীকে শর্টলিস্ট করা হয়। পরবর্তীতে এই ৮২ জনকে বিভিন্ন গ্রুপে বিভক্ত করে বিশেষ সাক্ষাৎকার গ্রহণের মাধ্যমে প্রার্থীদের নেতৃত্বের দক্ষতা ও কার্যকারিতা মূল্যায়ন করা হয়। সব যাচাই-বাছাই শেষে সেরা ৩০ জন প্রার্থীকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়েছে, যার মধ্যে জায়গা করে নেন সাঈদ আনোয়ার তকি।

অনুভূতি প্রকাশ করে সাঈদ আনোয়ার তকি বলেন, জাতীয় পর্যায়ের একটি প্ল্যাটফর্মে নিজের জেলা চট্টগ্রামকে প্রতিনিধিত্ব করার সুযোগ পাওয়া অত্যন্ত সম্মানের। এই অর্জন শুধু একটি স্বীকৃতি নয়, বরং তরুণদের নীতি-নির্ধারণ প্রক্রিয়ায় আরও সক্রিয়ভাবে যুক্ত করার এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে কাজ করার ক্ষেত্রে নতুন একটি দায়িত্বের সূচনা।

এমন একটি প্লাটফর্মে জায়গা করে নিয়ে চট্টগ্রামের জন্য কি করতে চান, এ প্রশ্নে তকি আরও বলেন, দেশের বাণিজ্যিক রাজধানী, চট্টগ্রামের মানুষের প্রয়োজন, প্রত্যাশা ও বাস্তব সমস্যাগুলোকে নীতিগত পর্যায়ে তুলে ধরে সেগুলোর কার্যকর সমাধানের জন্য কাজ করতে চাই। একই সঙ্গে, এমন সুযোগ ও প্ল্যাটফর্ম চট্টগ্রামের আরও তরুণদের কাছে পৌঁছে দিতে চাই, যাতে তারাও নিজেদের মতামত ও অভিজ্ঞতাকে নীতি-নির্ধারণের আলোচনায় নিয়ে আসতে পারে এবং বাস্তব পরিবর্তনে ভূমিকা রাখতে পারে।

উল্লেখ্য, ইনস্টিটিউট ফর ইনফর্মড ডেভেলপমেন্ট (আইআইডি) মূলত এটি বাংলাদেশের উন্নয়ন ও জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে গবেষণা, নীতি-আলোচনা ও অ্যাডভোকেসির মাধ্যমে তথ্যভিত্তিক ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে কাজ করে। অপরদিকে ইয়ুথ ফর পলিসি (ওয়াইএফপি) তরুণদের নীতি-নির্ধারণ প্রক্রিয়ায় সম্পৃক্তকরণ, নেতৃত্বের বিকাশ এবং জনস্বার্থের নানা বিষয়ে নীতি-আলোচনায় অংশগ্রহণের ক্ষেত্র তৈরিতে কাজ করে যাচ্ছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ