বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ে বড় ধরনের রদবদল করা হয়েছে। বিসিএস (পুলিশ) ক্যাডারের ১১ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। এর মধ্যে ছয় কর্মকর্তাকে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি দিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে পদায়ন করা হয়েছে।
বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে এ সংক্রান্ত পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব তৌফিক আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এসব বদলি ও পদায়নের কথা জানানো হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, রাজারবাগের পরিচালক (ডিআইজি) মো. সায়েদুর রহমানকে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি দিয়ে পুলিশ অধিদপ্তরে পদায়ন করা হয়েছে।
ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত আইজিপি (চলতি দায়িত্বে) মো. মাহফুন হাসানকে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি দিয়ে বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদা, রাজশাহীর প্রিন্সিপাল হিসেবে পদায়ন করা হয়েছে।
ঢাকা রেঞ্জের ডিআইজি ইকবাল হোসেনকে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি দিয়ে পুলিশ অধিদপ্তরে পদায়ন করা হয়েছে।
পুলিশ অধিদপ্তরের ডিআইজি কামরুল আহসানকে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি দিয়ে বিশেষ শাখায় (এসবি) পদায়ন করা হয়েছে।
বিশেষ শাখার অতিরিক্ত আইজিপি সরদার নূর আলমকে পুলিশ অধিদপ্তরে অতিরিক্ত আইজিপি হিসেবে পদায়ন করা হয়েছে।
এ ছাড়া বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদার প্রিন্সিপাল (অতিরিক্ত আইজিপি) বিএম আবদুর রহমানকে ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত আইজিপি হিসেবে পদায়ন করা হয়েছে।
অন্যদিকে পৃথক প্রজ্ঞাপনে পাঁচ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। পুলিশ অধিদপ্তরের ডিআইজি মো. লুৎফর রহমানকে খুলনা রেঞ্জের ডিআইজি করা হয়েছে। খুলনা রেঞ্জের ডিআইজি মো. মোজাফফর রহমানকে ঢাকা রেঞ্জের ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে।
এ ছাড়া এন্টি টেররিজম ইউনিটের ডিআইজি মোহাম্মদ মুসলিমকে কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, রাজারবাগের পরিচালক (ডিআইজি) করা হয়েছে। এসবির ডিআইজি মীর আশরাফ আলীকে রেলওয়ে পুলিশের ডিআইজি এবং মেট্রোরেলের ডিআইজি সিদ্দিকী তাজউল রহমানকে এসবির ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।