পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে এবং এর বিরুদ্ধে জনসচেতনতা তৈরির লক্ষ্যে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবদল।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় খাগড়াছড়ি জেলা যুবদলের উদ্যোগে আয়োজিত মিছিলটি শহরের ভাঙ্গা ব্রিজ এলাকা থেকে শুরু হয়। মিছিলটি চেঙ্গিয়া স্কয়ার হয়ে শাপলা চত্বর প্রদক্ষিণ করে খাগড়াছড়ি জেলা বিএনপির কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
মিছিল শেষে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন খাগড়াছড়ি জেলা যুবদলের সভাপতি মাহাবুব আলম সবুজ। সমাবেশটি সঞ্চালনা করেন জেলা যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ওয়াহিদুর রহমান ওয়াসিম।
সমাবেশে বক্তারা বলেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশের স্থিতিশীলতা নষ্ট করার যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে হবে। তারা দেশের শান্তি, শৃঙ্খলা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।
এ সময় খাগড়াছড়ি জেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বক্তব্য দেন। পরে শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ হয়।