সরকারি প্রতিবেদনে পাইপলাইনভুক্ত ১০টি প্রকল্পের কথা উল্লেখ করা হয়েছে। এর মধ্যে তুলনামূলক কম খরচে দীর্ঘমেয়াদি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির সুবিধা পেতে ৩৫০ মিলিয়ন ডলারের আইডা গ্যারান্টি, ব্যাংকিং খাতের সংস্কারে ফিন্যানশিয়াল সেক্টর সাপোর্ট প্রজেক্ট-২-এর জন্য ৪৫০ মিলিয়ন ডলার এবং খাদ্য নিরাপত্তায় জরুরি সহায়তা প্রকল্পের জন্য ৩০০ মিলিয়ন ডলারের প্রস্তাব রয়েছে।
এ ছাড়া ঢাকা-চট্টগ্রাম রেল করিডর, ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে, ঢাকা ইনার সার্কুলার রিং রোড এবং ঢাকার চারপাশের নদী ও খাল পুনরুদ্ধার নিয়েও আলোচনা হয়েছে।
আইএমএফের সঙ্গে সম্ভাব্য ৪.৫ বিলিয়ন ডলারের নতুন ঋণ কর্মসূচি নিয়েও আলোচনা চলছে। ১৬ অক্টোবর ব্যাঙ্ককে সাংবাদিকদের অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, আলোচনায় নীতিগত অগ্রগতি হয়েছে। বাকি বিষয়গুলো চূড়ান্ত করতে দুই পক্ষের কারিগরি পর্যায়ে আলোচনা চলবে।
আলোচনায় কর-জিডিপি অনুপাত বৃদ্ধি, ব্যাংকিং খাতের মূলধন ঘাটতি মোকাবেলা এবং দুর্বল ব্যাংকগুলোর সমস্যা সমাধানে গুরুত্ব দেওয়া হয়েছে। সম্ভাব্য কর্মসূচিতে রাজস্ব আদায়ের লক্ষ্য এবং দুর্বল ব্যাংক পুনর্গঠনে সময়সীমাবদ্ধ পরিকল্পনা থাকতে পারে। তবে ঋণের শর্ত ও অর্থছাড়ের সময়সূচি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের আনুষ্ঠানিক নিশ্চয়তা পাওয়া যায়নি।
প্রধানমন্ত্রীর বিনিয়োগ ও পুঁজিবাজারবিষয়ক বিশেষ সহকারী তানভীর শাহরিয়ার গনির নেতৃত্বে প্রতিনিধিদল ইউরোক্লিয়ার, সিটি, ফিচ রেটিংস, নিউইয়র্ক ফেড, এইচএসবিসি, ব্যাংক অব আমেরিকা ও জেপি মরগানের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে। এসব আলোচনায় বাংলাদেশের ক্রেডিট রেটিং, সার্বভৌম বন্ড, বিনিয়োগ পরিস্থিতি ও সামষ্টিক অর্থনীতি উঠে আসে।
অন্যদিকে আইএফসির সঙ্গে বৈঠকে ব্যাংকিং ও আর্থিক খাতের সংস্কার, ব্যাংকের মূলধন পুনর্গঠন, বাণিজ্য অর্থায়ন এবং বেসরকারি বিনিয়োগ বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়। সরকারি প্রতিবেদন অনুযায়ী, আন্তর্জাতিক সংস্থাগুলো বাংলাদেশের আর্থিক খাতের উন্নয়ন, প্রবৃদ্ধি পুনরুদ্ধার ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছে। তবে নতুন অর্থায়নের নির্দিষ্ট পরিমাণ বা অর্থছাড়ের সময়সীমা জানানো হয়নি। দুর্বল রাজস্ব আহরণ, ব্যাংকিং খাতের ঝুঁকি, জ্বালানি আমদানির ব্যয় ও বিনিয়োগে মন্থরতার কারণে বাংলাদেশের বৈদেশিক অর্থায়নের প্রয়োজন বাড়ছে। নতুন অর্থায়ন বৈদেশিক মুদ্রার চাপ সামলানো, জ্বালানি ও খাদ্য আমদানি এবং উৎপাদনশীল বিনিয়োগে সহায়তা করতে পারে। তবে এর সুফল নির্ভর করবে ঋণের শর্ত, অর্থের ব্যবহার, সংস্কার বাস্তবায়ন ও জবাবদিহির ওপর।
বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) মহাপরিচালক ড. মো. এজাজুল ইসলাম কালের কণ্ঠকে বলেন, ‘বাংলাদেশের অর্থনীতির জন্য বিশ্বব্যাংক ও আইএমএফের অর্থায়ন গুরুত্বপূর্ণ। এসব সংস্থা তুলনামূলক কম খরচে ঋণ দেয়। এই অর্থায়ন কাজে লাগানো গেলে বাজেট ঘাটতি মোকাবেলা, অবকাঠামো উন্নয়ন এবং অর্থনীতির প্রতি আস্থা বাড়াতে সহায়তা করবে।’
তাঁর মতে, ব্যাংকিং খাতের সংস্কার, কর-জিডিপি অনুপাত বৃদ্ধি, বাজারভিত্তিক বিনিময় হার, রাজস্ব আদায় বাড়ানো এবং সুশাসন নিশ্চিত করতে হবে। রাজনৈতিক সরকারের জন্য এসব সংস্কার বাস্তবায়ন কঠিন হলেও অর্থায়ন পেতে হলে এগুলো করা জরুরি।
এজাজুল ইসলাম আরো বলেন, ‘ব্যাংকিং খাতের অনিয়ম, খেলাপি ঋণ ও অর্থপাচার বন্ধে কার্যকর সংস্কারের বিকল্প নেই। এসব সমস্যার সমাধান না হলে অর্থনীতির ঝুঁকি থেকেই যাবে।’ তাঁর প্রত্যাশা, সরকার প্রয়োজনীয় সংস্কার অব্যাহত রাখবে এবং আলোচনার মাধ্যমে প্রয়োজনীয় অর্থায়ন নিশ্চিত করতে পারবে।