এই পরীক্ষামূলক সংযোগের মাধ্যমে কেন্দ্রটির বিদ্যুৎ উৎপাদন ও গ্রিডের সঙ্গে সমন্বয়ের কার্যক্রম এগিয়ে যাবে। জানা গেছে, রূপপুরের প্রথম ইউনিটের বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হলে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকারী দেশের তালিকায় বিশ্বের ৩৩তম দেশ হিসেবে যুক্ত হবে বাংলাদেশ। এর আগে ২০২৩ সালের অক্টোবরে প্রকল্প এলাকায় পারমাণবিক জ্বালানি পৌঁছানোর পর পারমাণবিক স্থাপনা হিসেবে স্বীকৃতি পায় কেন্দ্রটি। তবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হলে কার্যত পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকারী দেশের তালিকায় বাংলাদেশের অন্তর্ভুক্তি ঘটবে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ১২০০ মেগাওয়াট ক্ষমতার দুটি ইউনিট রয়েছে। প্রতিটি ইউনিট থেকে ন্যূনতম ১১৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। কেন্দ্রের নিজস্ব ব্যবহারের জন্য সর্বোচ্চ ১২০ মেগাওয়াট বাদ দিয়ে প্রতিটি ইউনিট থেকে জাতীয় গ্রিডে অন্তত ১০৩০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করার কথা রয়েছে। চুক্তির শর্ত অনুযায়ী, নির্ধারিত পরিমাণের চেয়ে কম বিদ্যুৎ সরবরাহ করা হলে রাশিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠানকে জরিমানা দিতে হবে। দুই ইউনিট চালু হলে জাতীয় গ্রিডে অন্তত ২০৬০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে।