মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি ও মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে আজ ২৫ আগস্ট ২০২৬ খ্রি. খাগড়াছড়ি পার্বত্য জেলা পুলিশের আয়োজনে মাদকবিরোধী সুধী সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম।
সভাপতিত্ব করেন খাগড়াছড়ি পার্বত্য জেলার পুলিশ সুপার মোঃ মোরতোজা আলী খাঁন। প্রধান অতিথির বক্তব্যে ডিআইজি আবদুল কুদ্দুছ বলেন, মাদকের শিকড় উপড়ে না ফেলা পর্যন্ত মাদকের বিরুদ্ধে অভিযান আরও বেগবান করা হবে। মাদক সমাজকে কলুষিত করছে এবং এর ভয়াবহ প্রভাব ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে মারাত্মক ক্ষতি করছে। মাদকের প্রভাবে মানুষ হিতাহিত জ্ঞানশূন্য হয়ে খুন পর্যন্ত করে ফেলছে। তিনি বলেন, সম্মিলিত প্রচেষ্টায় ইনশাআল্লাহ এই সমাজকে মাদকমুক্ত করা হবে।
তিনি মাদকমুক্ত সমাজ গঠনে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি পরিবার, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান এবং সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান। একই সঙ্গে মাদকের বিরুদ্ধে কার্যকর সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
সমাবেশ ও র্যালিতে বক্তারা মাদকের ক্ষতিকর প্রভাব তুলে ধরে মাদক প্রতিরোধে সামাজিক সচেতনতা ও সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধের বার্তা আরও জোরালো হয়ে ওঠে।অনুষ্ঠানে সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।