সংবাদপত্রে প্রতিবেদন প্রকাশকে কেন্দ্র করে নিজের বড় ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে হুমকি, গালিগালাজ এবং মিথ্যা মামলায় ফাঁসানোর ভয় দেখানোর অভিযোগ তুলেছেন ৮৫ বছর বয়সী ফাতেমা বেগম। নিজের এবং সঙ্গে থাকা ছোট ছেলে নুরুল আজমের জীবনের নিরাপত্তা চেয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনারের কাছে একটি লিখিত আবেদন জমা দিয়েছেন তিনি।
অভিযোগ সূত্রে জানা যায়, ফাতেমা বেগমের বড় ছেলে নুরুল আলম চৌধুরী নিজেকে সাংবাদিক হিসেবে পরিচয় দেন। সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে নুরুল আলমের নানা অপকর্ম ও অভিযোগ সংক্রান্ত সংবাদ প্রকাশিত হয়। এতে ক্ষিপ্ত হয়ে নুরুল আলম ও তার স্ত্রী শাহিনা বেগম বৃদ্ধা মাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। একই সঙ্গে মা ও ছোট ভাই নুরুল আজমকে মিথ্যা মামলায় ফাঁসানোসহ প্রাণনাশের হুমকি দেন বলেও আবেদনে উল্লেখ করা হয়।
আবেদনে পারিবারিক বিরোধের বিষয়টি তুলে ধরে ফাতেমা বেগম জানান, স্থাবর সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরেই বড় ছেলের সঙ্গে তার বিরোধ চলছিল। বাবার কাছ থেকে নিজের অংশের হিস্যা বুঝে পাওয়ার পরও নুরুল আলম ক্ষান্ত হননি; বরং অনৈতিক সুবিধা নিতে চাপ সৃষ্টি করে আসছেন।
বর্তমানে ছোট ছেলে নুরুল আজমের আশ্রয়ে থাকা এই বৃদ্ধা আরও অভিযোগ করেন, নুরুল আলম অতীতেও পুলিশের কিছু অসাধু সদস্যের সহায়তায় তার ছোট ছেলেকে একটি অজ্ঞাত মামলায় জড়িয়ে হয়রানি করেছিলেন।
জীবনের শেষ প্রান্তে এসে কোনো ধরনের মানসিক নির্যাতন ও ভীতিহীনভাবে বাঁচতে চান উল্লেখ করে ফাতেমা বেগম বলেন, “জীবনের এই সময়ে এসে আমি কোনো ধরনের ভয়ভীতি, নির্যাতন কিংবা হয়রানির শিকার হতে চাই না।” তিনি নিজের ও ছোট ছেলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সিএমপি কমিশনারের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।