রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন

নকআউটের বাঁচা-মরার লড়াই, কোন দল এগিয়ে?

নিউজ ডেস্ক
সোমবার, ২৯ জুন, ২০২৬

বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষ। এখন শুরু নকআউটের বাঁচা-মরার লড়াই। শেষ ষোলোয় আজ মুখোমুখি হচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল এবং এশিয়ার অন্যতম শক্তিশালী দল জাপান। যুক্তরাষ্ট্রের হিউস্টন স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া এই হাইভোল্টেজ ম্যাচ ঘিরে উত্তেজনা তুঙ্গে। এরই মধ্যে ফুটবল পরিসংখ্যানভিত্তিক প্রতিষ্ঠান অপটা সুপার কম্পিউটার ম্যাচটির সম্ভাব্য ফলাফল নিয়ে তাদের বিশ্লেষণ প্রকাশ করেছে, যেখানে পরিষ্কারভাবে এগিয়ে রাখা হয়েছে ব্রাজিলকে।

অপটার ২৫ হাজারের বেশি সিমুলেশনের ভিত্তিতে প্রকাশিত পূর্বাভাস অনুযায়ী, নির্ধারিত ৯০ মিনিটে ব্রাজিলের জয়ের সম্ভাবনা ৫৭.৩ শতাংশ। অন্যদিকে জাপানের জয়ের সম্ভাবনা মাত্র ১৯.৭ শতাংশ। এছাড়া ম্যাচটি ড্র হয়ে অতিরিক্ত সময় বা টাইব্রেকারে গড়ানোর সম্ভাবনা রয়েছে ২৩ শতাংশ।

টুর্নামেন্টের শুরুতে প্রত্যাশামতো খেলতে না পারলেও ধীরে ধীরে নিজেদের সেরা ছন্দে ফিরেছে কার্লো আনচেলত্তির ব্রাজিল। গ্রুপ ‘সি’-এর চ্যাম্পিয়ন হিসেবেই নকআউট পর্বে জায়গা করে নিয়েছে সেলেসাওরা। প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে ১-১ গোলে ড্র করার পর দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে হাইতি ও স্কটল্যান্ডকে টানা ৩-০ ব্যবধানে হারিয়েছে তারা।

পরিসংখ্যানও ব্রাজিলের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দিচ্ছে। প্রথম ম্যাচে একটি গোল হজম করার পর থেকে টানা সাতটি গোল করেছে দলটি, বিপরীতে কোনো গোলই খায়নি। ২০০২ সালের পর বিশ্বকাপে এমন ধারাবাহিক রক্ষণাত্মক দৃঢ়তা ও আক্রমণাত্মক সাফল্য এবারই প্রথম দেখাচ্ছে ব্রাজিল।

অন্যদিকে মুখোমুখি লড়াইয়ের ইতিহাসও ব্রাজিলের পক্ষেই কথা বলছে। দুই দল এখন পর্যন্ত ১৪ বার মুখোমুখি হয়েছে। এর মধ্যে ১১টি ম্যাচ জিতেছে ব্রাজিল, দুটি ম্যাচ ড্র হয়েছে এবং জাপান জিতেছে মাত্র একটি ম্যাচ।

তবে সেই একমাত্র জয়টাই ব্রাজিলকে সতর্ক করে দেওয়ার জন্য যথেষ্ট। গত বছরের অক্টোবরে টোকিওতে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে ২-০ গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে হেরে যায় ব্রাজিল। জাপানের হয়ে ওই ম্যাচের জয়সূচক গোল করেছিলেন আয়াসে উয়েদা। ফলে আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামবে সামুরাই ব্লুরাও।

তবে বিশ্বকাপের ইতিহাসে দুই দলের একমাত্র সাক্ষাৎ হয়েছিল ২০০৬ সালের আসরে। সেই ম্যাচে ব্রাজিল ৪-১ ব্যবধানে সহজ জয় তুলে নিয়েছিল। তাই অতীতের বিশ্বকাপ স্মৃতি এবং বর্তমান ফর্ম—দুই দিক থেকেই এগিয়ে রয়েছে সেলেসাওরা।

তবে অপটা নিজেও মনে করিয়ে দিয়েছে, সুপার কম্পিউটারের পূর্বাভাস কেবল পরিসংখ্যান ও গাণিতিক মডেলের ওপর ভিত্তি করে তৈরি। নকআউট ফুটবলে একটি মুহূর্ত, একটি গোল কিংবা একটি ভুলই বদলে দিতে পারে পুরো ম্যাচের ভাগ্য। তাই কাগজে-কলমে ব্রাজিল এগিয়ে থাকলেও, শেষ হাসি কে হাসবে, তার উত্তর মিলবে মাঠের ৯০ মিনিটের লড়াইয়েই।


এই ক্যাটাগরির আরো সংবাদ