সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২:০৫ অপরাহ্ন

বন্যাদুর্গত মানুষের পাশে অ্যাডিশনাল ডিআইজি নাজিমুল হক

সোহাগ আরেফীন
মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

টানা ৬ থেকে ৭ দিনের ভারী বর্ষণ ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত কক্সবাজার সদর ও পেকুয়া উপজেলার বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে কক্সবাজার জেলা পুলিশ। দুর্যোগকবলিত মানুষের দুর্ভোগ লাঘবে মানবিক সহায়তা কার্যক্রমে নেতৃত্ব দেন চট্টগ্রাম রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) মো. নাজিমুল হক, যিনি ক্ষতিগ্রস্ত এলাকা সরেজমিন পরিদর্শন করে দুর্গত মানুষের খোঁজখবর নেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন।

সোমবার (১৩ জুলাই ২০২৬) কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা, চৌফলদণ্ডী, ফরিনাফাঁড়ি এবং পেকুয়া উপজেলার নতুন লাহাজানি পাড়া এলাকায় পানিবন্দি ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে জরুরি ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

এ সময় অ্যাডিশনাল ডিআইজি মো. নাজিমুল হক বলেন, দুর্যোগের এই সময়ে মানুষের পাশে দাঁড়ানো বাংলাদেশ পুলিশের নৈতিক ও মানবিক দায়িত্ব তিনি দুর্গত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাদের প্রয়োজন ও সমস্যার কথা শোনেন এবং প্রয়োজনীয় সহায়তা দ্রুত পৌঁছে দেওয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।

মানবিক সহায়তা কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাহমুদুল হাসান এবং সহকারী পুলিশ সুপার (চকরিয়া সার্কেল) অভিজিৎ দাস

জেলা পুলিশ সূত্র জানায়, সাম্প্রতিক টানা বৃষ্টিপাত ও জলাবদ্ধতায় জেলার বিভিন্ন এলাকায় শত শত পরিবার পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছে। এসব পরিবারের জন্য খাদ্যসামগ্রী ও জরুরি সহায়তা পৌঁছে দিতে জেলা পুলিশের সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

পরিদর্শনকালে অ্যাডিশনাল ডিআইজি মো. নাজিমুল হক ক্ষতিগ্রস্তদের আশ্বস্ত করে বলেন, দুর্যোগ মোকাবিলায় প্রশাসনের পাশাপাশি বাংলাদেশ পুলিশও সর্বদা জনগণের পাশে রয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

কক্সবাজার জেলা পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমানও বলেন, বন্যা ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের কাছে প্রয়োজনীয় ত্রাণ ও সহায়তা পৌঁছে দিতে জেলা পুলিশের সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

স্থানীয় বাসিন্দারা পুলিশের এই মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, দুর্যোগের কঠিন সময়ে পুলিশের এমন উপস্থিতি ও সহযোগিতা তাদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বন্যা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে প্রয়োজনীয় সহায়তা কার্যক্রম অব্যাহত রাখা হবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ