নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন এবং নিম্নআয়ের ও অসচ্ছল পরিবারকে সামাজিক সুরক্ষার আওতায় আনতে বোয়ালখালীতে ফ্যামিলি কার্ড কার্যক্রমের মাঠপর্যায়ের তথ্যসংগ্রহ উদ্বোধন করেছেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য ও চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব এরশাদ উল্লাহ।
রোববার (২৫ অক্টোবর) বিকেল ৪টায় বোয়ালখালীর পশ্চিম কধুরখীল উচ্চ বিদ্যালয়ে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে এরশাদ উল্লাহ এমপি বলেন, জনগণের কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বর্তমান সরকার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছে। ফ্যামিলি কার্ডের মাধ্যমে নিম্নআয়ের ও অসচ্ছল পরিবারগুলোকে সরকারি সহায়তার আওতায় এনে তাদের জীবনমান উন্নয়ন এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি বলেন, মাঠপর্যায়ে সঠিক ও নির্ভুল তথ্যসংগ্রহের মাধ্যমে প্রকৃত উপকারভোগীদের চিহ্নিত করা সম্ভব হবে। এতে সরকারি সহায়তা প্রকৃত দরিদ্র ও অসহায় পরিবারগুলোর কাছে পৌঁছানো সহজ হবে। পাশাপাশি অনিয়ম, বৈষম্য ও অপব্যবহার রোধে স্বচ্ছতা, জবাবদিহি এবং নিরপেক্ষতা নিশ্চিত করা জরুরি। উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. আজগর।
বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব আজিজুল হক চৌধুরী এবং জেলা বিএনপির সদস্য মুহাম্মদ শওকত আলম, মেহেদী হাসান সুজন ও শাহীনুর আলম শাহীন। স্বাগত বক্তব্য দেন বোয়ালখালী উপজেলা সমাজসেবা কর্মকর্তা পিপলু চন্দ্র নাথ।
এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তা ও উপস্থিত ব্যক্তিদের সঙ্গে ফ্যামিলি কার্ড কার্যক্রমের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। কর্মসূচিটি সুষ্ঠু ও স্বচ্ছভাবে বাস্তবায়নে নির্ভুল তথ্যসংগ্রহ এবং সংশ্লিষ্ট সবার দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।