বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন

১৩ নম্বর পাহাড়তলী ওয়ার্ড স্বেচ্ছাসেবক সংগঠনের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ডেস্ক রিপোর্ট
বুধবার, ৫ আগস্ট, ২০২৬

উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে ১৩ নম্বর পাহাড়তলী ওয়ার্ড স্বেচ্ছাসেবক সংগঠনের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী। দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে সংগঠনের সদস্য, শুভানুধ্যায়ী, আমন্ত্রিত অতিথি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিদের অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

অনুষ্ঠানের সূচনা হয় পবিত্র কুরআন তিলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে। পরে সংগঠনের সদস্যদের অংশগ্রহণে একটি প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টে মোট আটটি দল অংশ নেয়। প্রতিযোগিতামূলক ও উপভোগ্য প্রতিটি ম্যাচ শেষে ‘ম্যান অব দ্য ম্যাচ’ পুরস্কার প্রদান করা হয়। পাশাপাশি পুরো আসরের সেরা খেলোয়াড়কে ‘প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট’ সম্মাননা দেওয়া হয়।

টুর্নামেন্টে দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করে আমবাগান টিম চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অপরদিকে টিপিপি কলোনী টিম রানার্সআপ হয়। মধ্যাহ্নভোজ শেষে বিকেলে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিক কেক কাটা হয়। পরে সংগঠনের কার্যক্রমে বিশেষ অবদান রাখা সদস্যদের মধ্যে সেরা স্বেচ্ছাসেবক সম্মাননা প্রদান করা হয়। এ সময় জমকালো লটারি ড্র অনুষ্ঠিত হয়, যেখানে বিজয়ীদের মধ্যে আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়। দিনব্যাপী আয়োজনের সমাপ্তি ঘটে মনোমুগ্ধকর আতশবাজি প্রদর্শনের মাধ্যমে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৩ নম্বর পাহাড়তলী ওয়ার্ড স্বেচ্ছাসেবকের সভাপতি আলী আহমেদ ভূঁইয়া (স্বপন), খুলশী থানার ওসি (তদন্ত) নজরুল ইসলাম, মা-শিশু ও জেনারেল হাসপাতালের নাক, কান ও গলা রোগ বিশেষজ্ঞ ডা. মীর ওয়াজেদ আলী, পিটুপি হেলথ কেয়ারের প্রধান নির্বাহী কর্মকর্তা ডা. মো. এনামুল হক, এএসএম লজিস্টিকের চেয়ারম্যান মো. আরিফ হোসেন, জিপিএইচ ইস্পাতের পরিচালক আজিজুল হক রাজু, খুলশী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি লোকমান হোসেন স্বপন, হাওলাদার ট্রেডিং ইন্টারন্যাশনালের পরিচালক হায়ামা মুন্না, বিশিষ্ট সমাজসেবক ও খুলশী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আমানউল্লাহ আমান, পিটুপি হেলথ কেয়ারের জিএম আরেক হোসেন, ওয়ার্লেস ঝাউতলা কলোনি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মিজান মজুমদার, আবুল খায়ের গ্রুপের ম্যানেজার ফরিদুল ওয়াহিদ নাহিদ, চট্টগ্রামের সাতটি রানিং কমিউনিটির অ্যাডমিনবৃন্দ এবং দক্ষিণ খুলশী যুব সমাজের সেক্রেটারিসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, তরুণদের সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে ১৩ নম্বর পাহাড়তলী ওয়ার্ড স্বেচ্ছাসেবক সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ভবিষ্যতেও সমাজসেবা, মানবিক সহায়তা এবং জনকল্যাণমূলক কার্যক্রম আরও বিস্তৃত হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানের শেষে সংগঠনের পক্ষ থেকে সকল অতিথি, সদস্য, শুভাকাঙ্ক্ষী ও সহযোগীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানানো হয়। একই সঙ্গে মানবিক ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে এলাকার মানুষের পাশে থেকে কাজ করার প্রত্যয় পুনর্ব্যক্ত করা হয়।


এই ক্যাটাগরির আরো সংবাদ