খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলায় অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করা বিপুল পরিমাণ পাহাড়ি কাঠ ও বাঁশ উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। উদ্ধার করা কাঠ ও বাঁশের আনুমানিক বাজারমূল্য ১৫ থেকে ১৬ লাখ টাকা বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
বুধবার (১৯ আগস্ট) রাত আনুমানিক ১১টার দিকে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে লক্ষ্মীছড়ি জোনের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বাইনছড়ি আর্মি ক্যাম্পের একটি দল ক্যাম্পের উত্তর-পূর্ব দিকে ধুরং খাল এলাকায় অভিযান চালায়।
অভিযানকালে ওই এলাকা থেকে বিভিন্ন প্রজাতির পাহাড়ি কাঠের প্রায় ২৫০ পিস এবং আনুমানিক ৪০০টি বাঁশ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কাঠ ও বাঁশগুলো অবৈধভাবে মজুত করে রাখা হয়েছিল।
পরে উদ্ধার করা কাঠ ও বাঁশ চট্টগ্রাম উত্তর বন বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, পাহাড়ি বনসম্পদ সংরক্ষণ, অবৈধভাবে কাঠ ও বাঁশ মজুত এবং পাচার প্রতিরোধে আইনানুগ অভিযান অব্যাহত থাকবে।