মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন

জনসচেতনতায় মাদকবিরোধী র‍্যালি ও পথসভা করেছে তবলছড়ি পুলিশ তদন্ত কেন্দ্র

মো. আরিফুল ইসলাম খাগড়াছড়ি
শনিবার, ২২ আগস্ট, ২০২৬

মাদকমুক্ত সমাজ গড়তে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে খাগড়াছড়ির মাটিরাঙ্গা থানার উদ্যোগে তবলছড়ি ইউনিয়নে মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ আগস্ট) তবলছড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. তৈয়বুর রহমানের সার্বিক তত্ত্বাবধান ও পরিচালনায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। “মাদককে না বলুন, মাদকমুক্ত সমাজ গড়ুন”—এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত কর্মসূচিতে স্থানীয় জনগণ, পুলিশ সদস্য, জনপ্রতিনিধি, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

পথসভায় বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবনই ধ্বংস করে না; এর নেতিবাচক প্রভাব পড়ে পরিবার, সমাজ ও দেশের ওপরও। তাই মাদকের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তবলছড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. তৈয়বুর রহমান বলেন, বিশেষ করে তরুণ ও যুবসমাজকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করতে হবে। মাদক ব্যবসা ও মাদক সেবনের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

পথসভায় উপস্থিত ছিলেন তবলছড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. তৈয়বুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর তবলছড়ি ইউনিয়ন শাখার সভাপতি আবু আহমদ সরকারসহ সংগঠনের নেতাকর্মীরা। এছাড়া তবলছড়ি বিএনপির আহ্বায়ক ফজলুল হক লিটন, দপ্তর সদস্য এইচ এম হেলাল উদ্দিনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কর্মসূচিকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সুশীল সমাজ ও সচেতন নাগরিকরা। স্থানীয়রা বলেন, মাদকের বিস্তার রোধে নিয়মিতভাবে এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি আয়োজন করা প্রয়োজন।

সচেতনতা বৃদ্ধি, সামাজিক প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর ভূমিকার মাধ্যমে একটি মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব বলে মনে করেন সংশ্লিষ্টরা।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ