খাগড়াছড়ির মানিকছড়ি রাজবাজার শেড অবৈধ দখলমুক্ত করে পুনঃস্থাপন এবং খুচরা ব্যবসায়ীদের জন্য উন্মুক্ত করার দাবিতে মানববন্ধন করেছেন বাজারের ব্যবসায়ীরা। একই দাবিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগও দিয়েছেন তারা। মানববন্ধনে সংহতি প্রকাশ করে অংশ নেন উপজেলা বিএনপির শীর্ষ নেতারা।
বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বরে কয়েকশ ব্যবসায়ীর অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য দেন মানিকছড়ি উপজেলা বিএনপির সভাপতি হাবিবুর রহমান হাবিব, সিনিয়র সহ-সভাপতি আরব আলী চেয়ারম্যান, সাধারণ সম্পাদক মীর হোসেন, বাজার পরিচালনা কমিটির সহ-সভাপতি রুপেন পাল, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম সাজু, ব্যবসায়ী মাসুদ উজ জামান ও শহিদুল ইসলামসহ অনেকে।
বক্তারা অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের আমলে তৎকালীন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি জয়নাল আবেদীন মানিকছড়ি বাজার শেড অবৈধভাবে দখল করে সেখানে বহুতল ভবন নির্মাণ করেছেন।
তাদের দাবি, বাজার শেডটি অবৈধ দখলমুক্ত করে পূর্বের অবস্থায় পুনঃস্থাপন করতে হবে এবং ক্ষুদ্র ও খুচরা ব্যবসায়ীদের ব্যবসার সুযোগ দিতে তা উন্মুক্ত করে দিতে হবে। ব্যবসায়ীরা আরও বলেন, বাজার শেডটি দখলমুক্ত ও পুনঃস্থাপন করা হলে ক্ষুদ্র ব্যবসায়ীদের দীর্ঘদিনের দুর্ভোগ কমবে এবং বাজারের স্বাভাবিক পরিবেশ ফিরে আসবে। মানববন্ধন থেকে দ্রুত বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি বাজার শেডটি ব্যবসায়ীদের জন্য উন্মুক্ত করার দাবি জানানো হয়।