খাগড়াছড়ির দীঘিনালায় ১৩টি মাদক মামলার আসামি মো. আরিফ হোসেনকে (৪০) ৪০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। এলাকায় তিনি ‘মাদক সম্রাট’ হিসেবে পরিচিত বলে জানিয়েছে পুলিশ।
সোমবার (২১ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার ৩ নম্বর কবাখালী ইউনিয়নের শান্তিপুর চার রাস্তার মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আরিফ হোসেন কবাখালী ইউনিয়নের দক্ষিণ মিলনপুর পাবলাখালী এলাকার আব্দুর রশিদ মিয়ার ছেলে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গতরাত ১১টা ১৫ মিনিটের দিকে দীঘিনালা থানার এসআই মোহাম্মদ ইব্রাহিম খলিলউল্লাহ সঙ্গীয় ফোর্স নিয়ে শান্তিপুর চার রাস্তার মোড় এলাকায় অভিযান চালান। পুলিশের উপস্থিতি টের পেয়ে আরিফ পালানোর চেষ্টা করলে স্থানীয়দের সহায়তায় তাকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে একটি সাদা বাজারের ব্যাগের ভেতর পলিথিনে মোড়ানো ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
আরও জানা যায়, আরিফের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা আরও ১৩টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।
এ ঘটনায় এসআই মোহাম্মদ ইব্রাহিম খলিলউল্লাহ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দীঘিনালা থানায় মামলা করেছেন। মামলাটির তদন্তভার এসআই মো. আলা উদ্দিনের ওপর অর্পণ করা হয়েছে।
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী বলেন, আরিফ দীঘিনালার মাদক সম্রাট নামে পরিচিত। তার বিরুদ্ধে ১৩ টি মাদক মামলা বিচারাধীন রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হবে। পুলিশ মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে। মাদকের সাথে জড়িত কাউকেও ছাড় দেওয়া হবেনা।