জেলার মোংলায় প্লাস্টিক ও পলিথিনের ব্যবহার হ্রাস এবং পরিবেশ বিষয়ে সচেতনতামূলক সভা ও পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার সকাল সাড়ে ১০টায় মোংলা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন, মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমী।
সভায় প্রধান অতিথি প্লাস্টিক ও পলিথিনের ব্যবহার কমাতে সকলের প্রতি আহ্বান জানান। তিনি পরিবেশ সুরক্ষায় ব্যক্তি পর্যায় থেকে সচেতনতা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয়ের উপ পরিচালক আসাদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ইউনাইটেড নেশনস ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইউনিডো), বাংলাদেশের ন্যাশনাল কনসালটেন্ট মো. সহিদুল ইসলাম (সিয়াম) স্বাগত বক্তব্য দেন এবং প্রকল্পের সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরেন।
সভাপতি আসাদুর রহমান এ সভায় দৈনন্দিন জীবনে প্লাস্টিকের ব্যাপক ব্যবহারের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি মাইক্রোপ্লাস্টিকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সবাইকে সতর্ক করে পরিবেশ সুরক্ষায় এখনই সচেতন হওয়ার আহ্বান জানান।
নরওয়ে সরকারের অর্থায়নে এবং ইউনিডোর কারিগরি সহায়তায় বাস্তবায়নাধীন এ প্রকল্পের আওতায় আয়োজিত সভায় বক্তারা প্লাস্টিক ও পলিথিনের ব্যবহার কমানোর ওপর গুরুত্বারোপ করেন।
সভায় পরিবেশকর্মী ও ‘সুন্দরবন রক্ষায় আমরা’র সমন্বয়কারী মো. নূর আলম শেখ প্লাস্টিকের ব্যবহার কমানো এবং যত্রতত্র বর্জ্য না ফেলার জন্য সকলের প্রতি অনুরোধ জানান।
সভা শেষে অংশগ্রহণকারীরা পরিবেশ পরিচ্ছন্নতা বিষয়ক শপথ গ্রহণ করেন। পরে একটি সচেতনতামূলক র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পশুর নদীর তীরবর্তী মোংলা ঘাট এলাকায় পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করা হয়।
এ কর্মসূচিতে ‘প্রথম আলো বন্ধুসভা’র স্বেচ্ছাসেবী ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং মোংলা পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীরা অংশগ্রহণ করেন।