তরুণ প্রজন্মের উদ্ভাবনী চিন্তা, বৈজ্ঞানিক মনন এবং প্রযুক্তিনির্ভর সৃজনশীল উদ্যোগকে উৎসাহিত করার লক্ষ্যে বোয়ালখালী উপজেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে “Startup, Science Project and Innovation Ideas Showcasing Programme”।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব এরশাদ উল্লাহ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মেহেদী হাসান ফারুক।
এ আয়োজনে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, তরুণ উদ্ভাবক ও উদ্যোক্তারা অংশগ্রহণ করেন। তারা তাদের সৃজনশীল প্রকল্প, বিজ্ঞানভিত্তিক উদ্ভাবন এবং ভবিষ্যতমুখী স্টার্টআপ ধারণা উপস্থাপন করেন। প্রদর্শিত প্রকল্পগুলো উপস্থিত অতিথি, শিক্ষক, শিক্ষার্থী ও দর্শনার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি করে।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, দেশের উন্নয়ন ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে তরুণদের উদ্ভাবনী শক্তি ও প্রযুক্তিগত দক্ষতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি নতুন প্রজন্মকে বিজ্ঞানমনস্ক হয়ে গবেষণা, উদ্ভাবন ও উদ্যোক্তা কার্যক্রমে আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান ফারুক বলেন, তরুণদের মেধা ও সৃজনশীলতাকে বিকশিত করার জন্য এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তিনি শিক্ষার্থীদের নতুন নতুন উদ্ভাবনী ধারণা নিয়ে কাজ করার জন্য উৎসাহ প্রদান করেন।
উল্লেখ্য, এই আয়োজনের মাধ্যমে শিক্ষার্থী ও তরুণ উদ্যোক্তারা তাদের উদ্ভাবনী চিন্তা বাস্তবায়নের সুযোগ পেয়েছে। নতুন প্রজন্মের সৃজনশীল শক্তিকে বিকশিত করে একটি স্মার্ট, আধুনিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করেন।