চট্টগ্রামের বোয়ালখালীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে দুই যুবককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৫ মে) দুপুরে বোয়ালখালী পৌরসভার হাসপাতাল সংলগ্ন ৬নং ওয়ার্ড এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন বোয়ালখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা। অভিযানে প্রসিকিউশন হিসেবে সহযোগিতা করে চট্টগ্রাম জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (খ সার্কেল) একটি বিশেষ দল।
আদালত সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ৩৬(৫) ধারা মোতাবেক মাদক সেবনের অপরাধ প্রমাণিত হওয়ায় দুই ব্যক্তিকে কারাদণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন— মৃত সেলিমের পুত্র মো. হেলাল (২১) এবং ইছহাকের পুত্র মো. বাছা প্রকাশ জুয়েল (২১)।
এদের মধ্যে গাঁজা সেবনের দায়ে মো. হেলালকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ইয়াবা সেবনের দায়ে মো. বাছা প্রকাশ জুয়েলকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। দণ্ড প্রদানের পর তাদের জেলহাজতে প্রেরণের প্রক্রিয়া শুরু করা হয়েছে।
অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা জানান, মাদকমুক্ত সমাজ গড়তে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের এই ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হচ্ছে। মাদক সেবন ও বিক্রির বিরুদ্ধে প্রশাসনের পক্ষ থেকে জিরো টলারেন্স নীতি বজায় থাকবে এবং আগামীতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
