চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোন (কেইপিজেড) এলাকায় গাছ চুরিকে কেন্দ্র করে চোর চক্র ও নিরাপত্তা বাহিনীর মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কেইপিজেডের নিরাপত্তা কর্মী ও পুলিশ সদস্যসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। একই ঘটনায় পুলিশের একটি গাড়িও ভাঙচুর করা হয়েছে।
কেইপিজেড কর্তৃপক্ষ ও পুলিশ সূত্রে জানা যায়, সর্বশেষ সোমবার (৪ মে) দিবাগত রাতে কেইপিজেডের দক্ষিণ গেট এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এর আগে, ৩০ এপ্রিল নর্থ ব্লক এলাকায় গাছ কাটার খবর পেয়ে দুজন নিরাপত্তা কর্মী ঘটনাস্থলে গেলে তাদের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় চোর চক্র। এতে তারা গুরুতর আহত হন।
পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় ২ মে কর্ণফুলী থানায় চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়।
এরপর ৪ মে বিকেলে শিল্প পুলিশের একটি দল অভিযুক্ত সালাউদ্দিনের বাড়িতে তদন্তে গেলে সেখানেও পুলিশের ওপর হামলা চালানো হয়। ইট-পাটকেল নিক্ষেপে পুলিশের একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। একই দিনে সন্ধ্যায় আবারও কেইপিজেডের ১ নম্বর গেটে নিরাপত্তাকর্মীদের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলার অভিযোগ পাওয়া যায়।
শিল্প পুলিশের এএসআই মিজানুর রহমান জানান, অভিযুক্তদের ধরতে গেলে তারা পুলিশের সঙ্গে বিরূপ আচরণ করে এবং একাধিকবার সংঘর্ষে জড়ায়। পরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
কেইপিজেডের উপ-মহাব্যবস্থাপক মুশফিকুর রহমান জানান, দীর্ঘদিন ধরে কেইপিজেডের প্রায় ২০ হাজারের মত গাছ চোরের দল চুরি করে নিয়ে গেছে। কয়েকদিন আগে গাছ কাটতে বাধা দেওয়ায় আমাদের এক নিরাপত্তারক্ষীকে গুরুতর আহত করা হয়। এই ঘটনায় ইতোমধ্যে মামলা দায়ের করা হয়েছে। সোমবার রাতে পুলিশের সাথে চোরচক্রের সংঘর্ষের ঘটনা ঘটে সে ঘটনায় পুলিশ ব্যবস্থা নিচ্ছে।
কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহীনূর আলম বলেন, এ ঘটনায় থানা পুলিশের পক্ষ থেকে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। একজনকে আটক করা হয়েছে। সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে বাকিদের আটকের চেষ্টা চলছে বলেও জানান তিনি।
